সর্বশেষ সংবাদ :

আত্রাইয়ে জমাজমি সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাই ভাতিজার হাতে আব্দুর রহিম (৩৬) নামের এক যুবক খুন হয়েছেন। নিহত আব্দুর রহিম উপজেলার মনিয়ারী ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের মৃত হাজের আলীর ছেলে।
জনা যায়, আব্দুর রহিমের সাথে দীর্ঘ দিন থেকে জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছে তার চাচাতো ভাই আব্দুল খালেকের। এরই জের ধরে গত ২৪ নভেম্বর সোমবার রাত ৯ টার দিকে আব্দুল খালেক, তার দুই ছেলে আরিফ ও আব্দুল বারিকসহ লোকজন নিয়ে আব্দুর রহিমকে বাড়ি থেকে ডেকে বের করে এলোপাতারি ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করে।
এ সময় আব্দুর রহিমের মা অবিজান বেওয়া (৬৮) ও তার ছেলে রাকিবুল এগিয়ে এলে তারাও প্রতিপক্ষের হামলায় আহত হন। এদিকে ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহতাবস্থায় আব্দুর রহিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান।
আত্রাই থানার ওসি মনসুর রহমান বলেন, এ ব্যাপারে নিহতের বোন মরিয়ম খাতুন বাদি হয়ে গত মঙ্গলবার রাতে আত্রাই থানায় একটি হত্যা মামলা রুজু করেছেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহত আব্দুর রহিমের লাশ ময়না তদন্তের পর গত বুধবার বিকেলে নিজ গ্রামে দাফন করা হয়েছে।


প্রকাশিত: November 29, 2025 | সময়: 6:41 am | সুমন শেখ