, , ।
স্টাফ রিপোর্টার, বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রামে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ প্রাণী প্রদর্শনী মেলার মূল আকর্ষণ ছিল মরুভূমির প্রাণী দুম্বা। মেলায় ২৫ টি স্টলে প্রদর্শন করা হয় বিভিন্ন প্রকার পশু-পাখি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামানিক, উপজেলা কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ, সফল খামারী এমরান সরকার ও মমতাজ খাতুন।
প্রদর্শনীতে দুম্বা দুটি নিয়ে এসেছিলেন উপজেলার নটাবাড়িয়া গ্রামের সফল খামারি মমতাজ খাতুন ও তার স্বামী স্কুল শিক্ষক মামুনুর রশীদ।
প্রদর্শনীতে মূল আকর্ষণ ছিল মরুভূমির প্রাণী এই দুম্বা। দুম্বা দুটিকে দেখতে স্টলে ভিড় জমান মেলায় আগতরা। এছাড়া গাড়ল ও তিতির সহ বিভিন্ন প্রজাতির পাখি দর্শকদের নজর কাড়ে।
প্রদর্শনীর ২৫ টি স্টলে প্রদর্শিত হয় খামারি ও চাষিদের আকর্ষণীয় গরু, মহিষ, ঘোড়া, ভেড়া, দুম্বা, গাড়ল, তিতির, হাঁস, দেশী-বিদেশী পোষা কুকুর-বিড়াল, তোতাপুরি, গুজরি, হরিয়ানা জাতের ছাগল, কবুতর সহ বিভিন্ন প্রজাতির পাখি। প্রদর্শন করা হয় বিভিন্ন ভেটেরিনারি কোম্পানির ওষুধ, পশু-পাখি পালনের বিভিন্ন সরঞ্জাম।
সফল খামারি মমতাজ বেগম বলেন, তার খামারে বর্তমানে পাঁচটি দুম্বা আছে। এছাড়া তার খামারে তিনটি গাড়ল সহ আরো ২৭টি উন্নত জাতের ছাগলসহ রয়েছে। তিনি এসব প্রাণী তার খামারে লালন পালন করেন। রাজধানী সহ বিভিন্ন এলাকার খামারি ও শৌখিন ব্যক্তিরা তার কাছ থেকে এসব প্রাণী কিনে নিয়ে যান বলে তিনি জানান।