সর্বশেষ সংবাদ :

চাপ ছাড়াই টিউবওয়েলে সারা রাত উঠলো পানি : অলৌকিক বিশ্বাসে রোগ মুক্তির আশায় পানি সংগ্রহে ভিড়

মওদুদ আহম্মেদ, আক্কেলপুর: সকাল হতেই হুলুস্থুল কাণ্ড। কোন রকম পাম্প বা চাপ ছাড়াই নতুন স্থাপিত একটি টিউবওয়েল থেকে তীব্র বেগে পানি পড়ছে। এমন খবর ছড়িয়ে পড়তেই এলাকায় সৃষ্টি হয় কৌতূহলের।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে সোমবার সকাল থেকে ভিড় জমতে থাকে আক্কেলপুর পৌর শহরের তিনমাথা কিশোরের মোড়ে। কেউ বিস্ময়ে সরাসরি পানি পান করছেন, আবার কেউ রোগমুক্তির আশায় পানি বোতলে ভরে নিয়ে যাচ্ছেন।
তবে পৌরসভা কর্তৃপক্ষ বলছে, বিষয়টি মোটেই অলৌকিক নয়। পানির সঞ্চালন লাইন কোন কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। লাইন লিকেজ থেকে পানির চাপ সরাসরি টিউবওয়েলের পাইপ দিয়ে উপরে উঠছে। সোমবার সাড়ে দশটার দিকে পৌরসভার পানির সরবরাহ বন্ধ করতেই টিউবওয়েল থেকে পানি পড়া বন্ধ হয়ে যায়।
সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুরাতন বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আশপাশের দোকানদার ও পথচারীদের সুবিধার্থে দুই দিন আগে টিউবওয়েলটি বসানো হয়েছিল। রোববার রাত থেকেই টিউবওয়েলটি থেকে চাপ ছাড়াই পানি উঠতে থাকে। সকালে বিষয়টি জানাজানি হতেই বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ এসে পানি সংগ্রহ করতে ভিড় করেন।
আক্কেলপুর পৌরসভার কর্মকর্তারা জানান, টিউবওয়েলটির সাথে রাস্তার পূর্ব পাশ দিয়ে পানির সঞ্চলন লাইন করা আছে। আবার টিউবওয়েলের সাথেই ইন্টারনেট ক্যাবল সংযোগ রয়েছে। কোনভাবে ওই পানির লাইনে লিকেজ হয়ে লাইনের পানির চাপ সরাসরি টিউবওয়েলের পাইপ দিয়ে ওপরে উঠে আসছে। সাপ্লাই পানি বন্ধ করার পর সোমবার সাড়ে দশটার দিকে টিউবওয়েলটির পানি পড়া বন্ধ হয়ে যায়। মেরামত করলেই সমস্যার সমাধান হবে।
অলৌকিক পানির খবরে পশ্চিম আমুট্ট গ্রামের রাকিবা সুলতানা পানি সংগ্রহ করতে আসেন। তিনি বলেন, মহান আল্লাহর কুদরতে অলৌকিভাবে টিউবওয়েল থেকে চাপ ছাড়াই পানি উঠছে। সবাই রোগ মুক্তি সহ বিভিন্ন নিয়তে বোতলে পানি সংগ্রহ করছেন। তাই আমিও একটা নিয়ত করে রহমতের পানি বোতলে নিয়েছি।
নওগাঁর আত্রাই থেকে আক্কেলপুর শহরে বেড়াতে আসেন রোকেয়া সুলতানা। খবর পেয়ে পানি নিতে এসে তিনি বলেন, এই পানি তো এমনি এমনি পড়ছে না। অবশ্যই এখানে আল্লাহর ইশারা আছে। আমি রোগ থেকে মুক্তির আশা করে নিয়ত করে পানি বোতলে সংগ্রহ করেছি।
টিউবওয়েলটির পাশের ঔষধ ব্যাবসায়ী ও চিকিৎসক রাব্বী হায়দার চৌধুরী বলেন, আমরা দুইদিন আগে টিউবওয়েলটি বোরিং করি। হঠাৎ গত রোববার রাত থেকে টিউবওয়েল থেকে অটোমেটিক পানি পড়ছে। অনেকেই রহমতের পানি ভেবে সংগ্রহ করছেন। আমরা পৌরসভায় যোগাযোগ করেছি। পৌরসভার পানির লাইন লিকেজ থেকে এমনটা হতে পারে। লিকেজের পানি সরাসরি পান করলে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। আমরা এই পানি না নিতে সকলকে অনুরোধ করছি।
আক্কেলপুর পৌরসভার প্রকৌশলী রানু মন্ডল বলেন, সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি কোনো অলৌকিক ঘটনা নয়। রাস্তার পূর্ব পাশ দিয়ে পৌরসভার পানির সঞ্চলন লাইন করা আছে। কোন কারণে সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে। লাইন লিকেজ হয়ে পানির চাপ সরাসরি টিউবওয়েলের পাইপ দিয়ে ওপরে উঠে আসতে পারে। আমরা পানি সরবরাহ বন্ধ করতেই টিউবওয়েল থেকে পানি পড়া বন্ধ হয়ে যায়। মেরামতের কাজ চলছে।


প্রকাশিত: November 25, 2025 | সময়: 4:23 am | সুমন শেখ