সর্বশেষ সংবাদ :

আগাম জাতের হাইব্রিড টমেটো এখন বাজারে

সাইফুল ইসলাম, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ীতে আগাম জাতের হাইব্রিড টমেটো উঠতে শুরু করেছে। বরেন্দ্র অঞ্চলর এই উপজেলা টমেটো চাষের জন্য পরিচিত এবং এখানকার কৃষকরা স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে এই টমেটো সরবরাহ করেন।
এ বছর বরেন্দ্র অঞ্চলে ৬ জাতের টমেটো চাষ হয়েছে। এরমধ্যে তিন জাতের আবাদ বেশি। রাজশাহী জেলায় তিন ভাগের দুই ভাগেরও বেশি টমেটো উৎপাদন হয় গোদাগাড়ী উপজেলায়। স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি হয় দেশের বিভিন্ন অঞ্চলে।
গোদাগাড়ী কৃষি সমপ্রসারণ দফতর সূত্রে জানা গেছে, চলতি বছর গোদাগাড়ী উপজেলায় দুই হাজার ৬৬০ হেক্টর জমিতে টমেটোর চাষ হয়েছে। প্রতি হেক্টর জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ২২ মেট্রিকটন। গতবছর ২ হাজার ৬৭১ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছিল।
গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী মহল্লার টমেটো চাষী জিয়া জানান, টমেটো চাষের প্রথম দিকে ভালোই দাম পাওয়া যায়। অনেক সময় ব্যবসায়ীরা পুরো জমির টমেটো কিনে নেয়। দুই-তিন মাসের মধ্যে টমেটো নিয়ে জমি ছেড়ে দেয়। তবে বেশির ভাগ চাষী নিজেরাই টমেটো ব্যবসায়ীদের কাছে বিক্রি করে।
তিনি জানান, টমেটো ব্যবসায়ীরা মূলত বাইরের। দেশের বিভিন্ন জেলা থেকে এসে তারা ব্যাবসা করেন। এরপরে বিভিন্ন এলাকা ঘুরে টমেটো কিনে ট্রাকে ভর্তি করে নিয়ে যায়। সঙ্গে স্থানীয় ব্যবসায়ীরাও থাকে।
উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ জানান, গত বছর প্রায় ১৫০ কোটি টাকার টমেটো বিক্রি হয়েছে। এছাড়া পরিবহন ও শ্রমিক মিলে আরো ২৫ কোটি টাকার লেনদেন হয়। টমেটো কেনাবেচাকে কেন্দ্র করে সবমিলে ২০০ কোটি টাকার লেনদেন হয় প্রতিবছর।
তিনি আরো জানান, টমেটো উৎপাদন মৌসুম সাধারণত নভেম্বর থেকে ফেবব্রয়ারি পর্যন্ত (চার মাস) ধরা হয়। এই অঞ্চলে টমেটো দু’বারে চাষ হয়। এরমধ্যে মাচায় গ্রীষ্মকালিন টমেটো আগে উঠে। এই টমেটোর দাম বেশী পান চাষীরা। যা বাজারে বিক্রি হয় ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। শীতকালীন টমেটো শুরুতে বিক্রি হয় ৮০ টাকা কেজি দরে। মৌসুমের শেষের দিকে বিক্রি হয় সর্বনিম্ন ৫ থেকে ১০ টাকায়।
ব্যাবসায়ী সুমন বলেন, প্রতি বছর টমেটোর ভরা মৌসুম ভারতীয় টমেটো আমদানি করা হয়। চলিত মৌসুমেও ভারত থেকে টমেটো আমদানি করা হচ্ছে। আমদানি বন্ধ না হলে টমেটো ব্যবসায়ী ও চাষীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন।


প্রকাশিত: November 23, 2025 | সময়: 4:05 am | সুমন শেখ