সর্বশেষ সংবাদ :

রাণীনগরের একটি পরিবার অর্থ সহায়তা চায় : বিরল রোগে ধুকছে লালমন উন্নত চিকিৎসা ব্যয়বহুল

রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে লালমন (৩৭) নামে এক বাকপ্রতিবন্ধী এমএনডি রোগে আক্রান্ত। দিন যতই যাচ্ছে ততই দুর্বল হয়ে পড়ছে দুই সন্তানের জনক লালমন। দেশে বিরল এই রোগের চিকিৎসা ব্যবস্থা সজলভ্য না হওয়ার কারণে অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছে না।
বিরল রোগে আক্রান্ত লালমন উপজেলার কালীগ্রাম ইউনিয়নের রাতোয়াল শোলাপাড়া গ্রামের দিনমজুর আমজাদের ছেলে। লালমনের উন্নত চিকিৎসার জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সার্বিক সহযোগিতা চেয়েছেন লালমন ও তার পরিবার।
লালমনের মামা আব্দুল মজিদ জানান, লালমন শোলারপুকুর পাড়ে খাস জমিতে বসবাস করে। পরিবারের উপার্জনক্ষম মানুষ হচ্ছে লালমন ও তার বাবা। তারা দিনমজুরি কাজ করে সংসার চালায়। লালমন ছোটবেলা থেকেই ভালোভাবে কথা বলতে পারে না। অনেকটা ইশারার মাধ্যমে ভাষা প্রকাশ করে। মধ্যে লালমনের পরিবারে এক ছেলে ও এক মেয়ে সন্তান আছে।
কিন্তু গত এক বছর যাবত লালমন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। কাজকর্ম করতে পারে না। লালমনের হাত ও পায়ের আঙ্গুলের মাংস শুকিয়ে যাচ্ছে। যার কারণে লালমন ভালোভাবে দাঁড়াতে পারছে না। ঢাকা-রাজশাহী সহ বিভিন্ন স্থানে চিকিৎসার চেষ্টা করা হলেও ডাক্তাররা জানায় দেশে এমন বিরল রোগের উন্নত কোন চিকিৎসা নেই।
পরবর্তীতে ঢাকায় চীনের আকুপাংচার সেন্টারে যোগাযোগ করা হলে তারা দুই মাসের থেরাপির কথা বলে এই থেরাপির খরচ দুই লাখ টাকা। কিন্তু এতোগুলো টাকা লালমনের দরিদ্র দিনমজুরের পরিবারের পক্ষে যোগান দেওয়া সম্ভব নয়।
লালমনের মা লাইলি জানান, দিনমজুরের কাজ না করলে সংসার চলে না। গরীব পরিবারে আল্লাহ কেন এমন বিরল রোগ দিলো। তবুও আমরা সাধ্যমতো ছেলের চিকিৎসার চেষ্টা করেছি। কিন্তু দেশে এই জটিল রোগের চিকিৎসা না থাকার কারণে অর্থের অভাবে আর চিকিৎসা করাতে পারছি না।
বর্তমানে একজন মানুষের আয়ে সংসার কোন মতো জোড়াতালি দিয়ে চলছে। তাই সরকার সহ সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে হয়তো লালমন সুস্থ হয়ে উঠতো।
রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান বলেন, খোঁজখবর নিয়ে লালমনকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
লালমনের পরিবারের সাথে যোগাযোগ ও সাহায্য পাঠানোর জন্য তার মামা আব্দুল মজিদের মোবাইল ফোন নম্বর ও বিকাশ নম্বর ০১৭৮৩-৮৪২৭৫৯।


প্রকাশিত: November 22, 2025 | সময়: 5:20 am | সুমন শেখ

আরও খবর