, , ।
স্টাফ রিপোর্টার, চারঘাট: রাজশাহীর চারঘাটে আগুনে পুড়ে ৪টি পরিবারের প্রায় ১৪টি ঘর ও একটি দোকানঘর ভষ্মীভূত হয়ে গেছে। এছাড়া পুড়ে গেছে ঘড়ে থাকা সব ধরণের আসবাবপত্র ও মেশিনারিজ। বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় সাড়ে ৩টার দিকে উপজেলার চারঘাট পৌরসভার ৬নং ওয়ার্ড মিয়াপুরে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন, মুক্তার হোসেনের ছেলে শিশির, মুস্তাকিন, মোকবুল এবং আলমের ছেলে কাঠের দোকান মালিক বাবু।
উপজেলা ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা যায়, ভোররাত সাড়ে ৩টার দিকে পরিবারের সদস্যরা আগুন লাগার বিষয়টি জানতে পেরে চিৎকার দিতে থাকে। এ সময় স্থানীয় প্রতিবেশিরা এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। উপজেলা ফায়ার সার্ভিস দমকল বাহিনী এসে প্রায় এক ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এতে ৪টি পরিবারের ১৪টি ঘর ও একটি পরিবারের কাঠের নকশার দোকান পুড়ে যায়।
ঘর ও দোকানের ভিতরে থাকা সকল ধরনের আসবাবপত্র, নগদ অর্থ, প্রয়োজনীয় কাগজপত্র, ইলেকট্রিক জিনিস ও কাঠের নকশার জন্য ব্যবহৃত মেশিনটি পুড়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় ৪টি পরিবার নিঃস্ব হয়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতির শিকার হয়েছেন বলে দাবি পরিবারের সদস্যদের।
ফায়ার সার্ভিস ওয়্যারহাউজ পরিদর্শক আরিফুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুৎ শর্টসার্কিস থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। এতে ৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারনা করা হচ্ছে ২৫ লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে এবং প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। এসময় উপজেলা প্রসাশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে দুই বান্ডেল করে ঢেউ টিন, ৬ হাজার টাকা, কম্বল ও শুকনা খাবার দেওয়া হয়।