সর্বশেষ সংবাদ :

হামজাদের মান নিয়ে সংশয় নেই ভারতের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-ভারত ফুটবল মানেই আলাদা উত্তাপ। দুই দল আগেই এশিয়ান কাপ বাছাই থেকে ছিটকে গেলেও, আগামীকাল ঢাকায় রাতের ম্যাচ ঘিরে উত্তেজনা কম নয়। বিশেষ করে ভারতীয় কোচ খালিদ জামিলকে সংবাদ সম্মেলনে বারবার বলতে হয়েছে এক নাম, হামজা চৌধুরী।
ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ দলে যোগ দেওয়ার পরই মধ্যমাঠের নিয়ন্ত্রণ বদলে দিয়েছেন হামজা। মাত্র ছয় ম্যাচে চার গোল করে হয়েছেন দলের মূল শক্তি। তাকে থামাতে ভারতের বিশেষ পরিকল্পনা আছে কি না এ প্রশ্নেই সবচেয়ে বেশি ঘিরে ধরলেন সাংবাদিকরা। জবাবে জামিল শুধু বললেন, ‘বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তাদের দলে অনেক মানসম্পন্ন ফুটবলার আছে।’
র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা ভারত দুই ম্যাচ হাতে রেখেই বাদ পড়েছে ‘সি’ গ্রুপ থেকে। সাম্প্রতিক ব্যর্থতার কারণ জানতে চাইলে জামিল সরাসরি উত্তর দিলেন না, ‘আমরা শুধু আগামীকালের ম্যাচ নিয়েই ভাবছি।’ তার ভাষায়, ম্যাচটি নিয়ম রক্ষার হলেও জয়ের লক্ষ্য অটুট। মজার ব্যাপার হলো, ম্যাচ রাত ৮টায়, কিন্তু ভারত অনুশীলন করেছে সকাল নয়টায়। এটা কি অস্বাভাবিক? জামিলের ব্যাখ্যা, ‘এটাই আমাদের নিয়মিত রুটিন। খেলার আগের দিন দল এমনভাবেই প্রস্তুতি নেয়।’
বাংলাদেশ-ভারত দ্বৈরথে সুনীল ছেত্রীর নাম প্রায় অবিচ্ছেদ্য। কিন্তু এবার তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলতেই ভারত কোচ সংক্ষেপে বলেন, ‘সে অবসর নিয়েছে।’ ভারত দলের সাবেক খেলোয়াড় হওয়ায় জামিল বাংলাদেশ-ভারত ম্যাচের উষ্ণতা তার ভালোই জানা। আজও বললেন, ‘দুই দলই এ ম্যাচের গুরুত্ব বোঝে। খেলোয়াড়রা স্বাভাবিকের চেয়ে বেশি মনোযোগী থাকে।’ সংবাদ সম্মেলন জুড়ে এক বিষয়ই সবচেয়ে স্পষ্ট, অতীত ভুলে ভারত শুধু আগামীকালকেই ভাবছে। আর বাংলাদেশ শিবিরে হামজা নিয়ে বাড়তি আলোচনা ম্যাচটিকে আরও তপ্ত করে তুলেছে।


প্রকাশিত: November 18, 2025 | সময়: 2:25 am | সুমন শেখ