পবা-মোহনপুরে বৈষম্যমুক্ত সমাজ গড়তে চাই: জামায়াতের প্রার্থী আবুল কালাম

স্টাফ রিপোর্টার: রাজশাহী-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেছেন,“পবা-মোহনপুরে দুর্নীতি, শোষণ ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই। জনগণ আজ ঈমানি চেতনায় ঐক্যবদ্ধ হতে চায়, আর কর্মী সম্মেলন তারই প্রমাণ।”
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের ভবানীপুর এলাকায় গ্রাম কমিটির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গ্রাম কমিটির কর্মী সভা শেষে অধ্যাপক আবুল কালাম আজাদের নেতৃত্বে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন,“বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআনের আলোকে একটি ন্যায্য, মানবিক ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে চায়। এজন্য প্রতিটি কর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে- দাসত্বমুক্ত, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে।”
রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেছেন বলেন, পবা-মোহনপুরে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় উন্নয়নের মতো মৌলিক খাতে বৈষম্য দীর্ঘদিনের সমস্যা। এলাকার উন্নয়ন কাঠামোকে টেকসই করতে রাজনৈতিক সদিচ্ছা ও সক্রিয় নাগরিক অংশগ্রহণ জরুরি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বড়গাছী ইউনিয়ন আমির মোহাম্মদ মিলন রহমান, ইউনিয়ন সেক্রেটারি অধ্যাপক শারফুদ্দিন আহমেদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পবা থানার সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, জামায়াতে ইসলামী পবা থানা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সাব্বির রহমান সাঈদ প্রমুখ।
কর্মী সভায় গ্রাম স্তরের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, নির্বাচনী প্রস্তুতি, প্রচার-প্রচারণা এবং স্থানীয় সমস্যাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংগঠনের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫ | সময়: ৩:৩৯ পূর্বাহ্ণ | সুমন শেখ