সর্বশেষ সংবাদ :

রাবিতে ভূ-বিজ্ঞান এবং বিজ্ঞান ও প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতির বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজ্ঞান অনুষদের উদ্যোগে দুই দিনব্যাপী ‘রিসেন্ট অ্যাডভান্সেস ইন সাইন্স অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (বিমক) সদস্য প্রফেসর সাইদুর রহমান।
এতে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান। বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর নাসিমা আখতারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন সম্মেলনের সচিব প্রফেসর মো. রেজাউল করিম (পরিসংখ্যান বিভাগ)।
সম্মেলনের প্রথম দিনে ৩ জন বিশিষ্ট বিজ্ঞানী বিমক সদস্য প্রফেসর মো. সাইদুর রহমান, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য ও অস্ট্রেলিয়া কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর এমেরিটাস শাহজাহান খান এবং রাবি পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর এমেরিটাস এ কে এম আজহারুল ইসলাম কী-নোট বক্তৃতা দেন। সম্মেলনের দ্বিতীয় দিনে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিটিক্যাল কেমিস্ট্রি বিভাগের প্রফেসর মো. আব্দুর রশিদ কী-নোট বক্তৃতা দিবেন বলে নির্ধারিত আছে।
দুই দিনব্যাপী সম্মেলনে ৩৫টি অ্যাকাডেমিক সেশনে ২৭২টি পোস্টার প্রেজেন্টেশনসহ মোট ৫০৪টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হচ্ছে। এতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের পাশাপাশি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও জাপানসহ অন্যান্য দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। উল্লেখ্য, বিজ্ঞান অনুষদের আয়োজনে এটি দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন। প্রথম সম্মেলন ২০২৩ সালে অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জিওসায়েন্সেস ফর অ্যাচিভিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুক্রবার থেকে শুরু হয়েছে। রাবির ভূ-বিজ্ঞান অনুষদ এই সম্মেলনের আয়োজন করেছে।
সকালে সিনেট ভবনে এই সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান। ভূ-বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর এ এইচ এম সেলিম রেজার সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের সচিব প্রফেসর মো. মিজানুর রহমান (ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ)। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাইকেল এস স্টেকলার সম্মেলনে কী-নোট বক্তৃতা দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর মো. লতিফুর রহমান সরকার এবং ভূতত্ত্ব ও খনিবদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ইউনুস আহমদ খানও বক্তৃতা দেন।
সম্মেলনের ২৭টি অ্যাকাডেমিক সেশনে ২১৬টি প্রবন্ধ উপস্থাপিত হচ্ছে। দেশ-বিদেশ থেকে সংশ্লিষ্ট বিষয়ের প্রায় ৩৫০ জন গবেষক, বিজ্ঞানী, শিক্ষক ও নীতিনির্ধারক অংশ নিচ্ছেন।


প্রকাশিত: November 15, 2025 | সময়: 6:47 am | সুমন শেখ