বর্তমান সরকার নতুন পে-স্কেলের ফ্রেমওয়ার্ক দেবে

সানশাইন ডেস্ক: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পে-স্কেলটা আমাদের সময় করতে পারবো কি-না, এটা কিছুটা অনিশ্চিত। তবে, আমরা মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাবো, যেটা আগামী সরকার সিরিয়াসলি নেবে।
বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, ‘পে কমিশনের কাজটা কিন্তু অত্যন্ত জটিল। ওরা একেবারে স্বাধীনভাবে কাজ করবে। ওখানে আমাদের কোনও ভূমিকা নেই।’
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা পুরোপুরি একটা সেটআপ, রিপোর্টটা পাওয়ার পর মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাবো। কারণ আমরা এই সময়ের মধ্যে যদি এটা রিকনসাল করতে পারি করবো। এখানে সবচেয়ে বড় হলো অর্থের সংস্থান।’
রাজনৈতিক সরকার এলে এটি ঝুলে যাবে কি-না, সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে, সাংবাদিকদের পক্ষ থেকে এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, ‘এটায় ক্ষোভের সৃষ্টি হওয়া অপ্রত্যাশিত। ৮ বছর সরকারি চাকরিজীবীরা অপেক্ষা করতে পেরেছেন, এখন আমাদের ১২ মাসে আমরা একটা চেষ্টা করছি, আমরা করবো। এটা একটু ধৈর্য ধরতে হবে।’
অর্থ উপদেষ্টা বলেন, ‘৭-৮ বছর কিছু হয়নি, এখন হঠাৎ করে আমরা নিজে যারা ইনিশিয়েটিভ নিলাম তারপর ক্ষোভ, বরং তাদের ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা চেষ্টা করছি, একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাবো। রিপোর্টটা যদি আসে তখন আগামী সরকার খুব সিরিয়াসলি নেবে না বলে আমার মনে হয় না, ওদের সিরিয়াসলি নিতে হবে। কারণ এই কাজটা করছে একটা ইন্ডিপেনডেন্ট, অনেক চিন্তাভাবনা করে।’
তিনি আরও বলেন, ‘তিনটা বিশেষ ধরনের পে-স্কেল আছে, এটা রিকনসাল করবে। অতএব আমার মনে হয় ওরা একটু ধৈর্য ধরুক। অর্থের সংস্থান আছে, এখন যদি মনে করে যে যেই পে-স্কেল আছে সেই পে-স্কেল যদি আমরা বলে দেই ওটাই থাকবে, তাহলে চিন্তার কোনও কারণ নেই। এখানে বাজেটের ব্যাপার আছে। অন্যান্য সেক্টর আছে আমাদের বাজেটে। পে-স্কেল ছাড়াও তো স্বাস্থ্যখাতে, শিক্ষাখাতে অন্যান্য উন্নয়ন ব্যয় আছে। সেগুলো তো আমার দেখতে হবে।’
দাবি না মানলে যমুনার সামনে
বসবে জামায়াতসহ আট দল
সানশাইন ডেস্ক: জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তিসহ পাঁচ দফা দাবি আগামী ১৬ নভেম্বরের মধ্যে মেনে না নিলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত আট দল।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে আট দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এ সময় তিনি কিছু কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, পতিত ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আট দলের নেতৃবৃন্দ সর্বস্তরের জনশক্তিসহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবেন। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী সব দেশপ্রেমিক শক্তিকে রাজপথে নামার আহ্বান জানানো হয়েছে। মুজিবুর রহমান জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে জেলা ও মহানগর পর্যায়ে দেশব্যাপী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
১৬ নভেম্বর সকাল ১১টায় আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে আল-ফালাহ মিলনায়তনে দুপুর ১২টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলন হবে। এর আগে জনগণের পাঁচ দফা দাবি মেনে না নিলে সেই সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ ও প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, খেলাফত মজলিসের আমির আব্দুল বাসিত আজাদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন ও যুগ্ম-মহাসচিব অধ্যাপক মুহাম্মাদ আব্দুল জলিল, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার ও অর্থ সচিব মো. আনোয়ারুল কবির, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, শূরা সদস্য মাওলানা মোহাম্মদ তৌহিদুজ্জামান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র (জাগপা) ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি এএসএম আনোয়ারুল হক চান ও সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম।


প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫ | সময়: ৫:১১ পূর্বাহ্ণ | সুমন শেখ