সর্বশেষ সংবাদ :

চারঘাটের সরদহ জনসভায় আবু সাঈদ চাঁদ : তারেক রহমানের ৩১ দফা গণতন্ত্র প্রতিষ্ঠা ও উন্নয়নের বিপ্লবী সনদ

মিজানুর রহমান, চারঘাট: রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ বলেছেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আজকের আন্দোলন কেবল নির্বাচনের জন্য নয়, এটি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রাম। জনগণ এখন প্রস্তুত তাদের ভোটের অধিকার ফিরিয়ে নিতে।
মঙ্গলবার ১১ নভেম্বর বিকেলে চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের ঝিকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সরদহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ জনসভা হয়।
আবু সাঈদ চাঁদ আরও বলেন, চারঘাট-বাঘা দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কেবল দলীয়করণে সীমাবদ্ধ ছিল, সেখানে এতো দিনে সাধারণ জনগণ বঞ্চিত ছিল। বিএনপি ক্ষমতায় এলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করবে শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, বিদ্যুৎ, বিশুদ্ধ পানীয় জল ও কৃষি সহায়তা প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া হবে। আমাদের লক্ষ্য মানুষকে স্বাধীনভাবে মতপ্রকাশ ও ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া। বিএনপি বিশ্বাস করে, জনগণই রাষ্ট্রের মালিক, আর জনগণের অনুমতি ছাড়া কোনো সরকার ক্ষমতায় থাকতে পারে না।
চাঁদ বলেন, দেশে আজ গণতন্ত্র নেই, বিচার বিভাগ অনিয়ন্ত্রিত, প্রশাসন দলীয়করণে পরিণত হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে যে ৩১ দফা ঘোষণা করা হয়েছে, তা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশে আইনের শাসন ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। আমরা শান্তিপূর্ণ উপায়ে জনগণের অধিকার ফেরাতে চাই, কিন্তু সরকার যদি জনগণের কণ্ঠরোধ করে, তাহলে আন্দোলনের মাঠেই জবাব দেওয়া হবে।
সভায় সভাপতিত্ব করেন সরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাজেল আলী ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, যুগ্ম-সম্পাদক শাহীনুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হাসান মাসউদ, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক সাব্বির আহম্মেদ মুকুট, পৌর বিএনপির সভাপতি মমিনুল হক মমিন, সাধারণ সম্পাদক নজমুল হক, সাংগঠনিক সম্পাদক মাহানুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরেফীন কনক সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।


প্রকাশিত: November 12, 2025 | সময়: 2:31 am | সুমন শেখ