বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার কর্মী-সমর্থকরা বিক্ষোভ কর্মসূচি পালনের প্রস্তুতিকালে জয়পুরহাটের আক্কেলপুরে স্থানীয় বিএনপির দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহ¯পতিবার বেলা ১১টায় এই বিক্ষোভকে কেন্দ্র করে তুলশীগঙ্গা সেতুর পূর্ব পারে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা গ্রুপের ২ কর্মী আহত আহত হয়েছেন বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে সাবেক সচিব ও ঢাকার সাবেক জেলা প্রশাসক আব্দুল বারীকে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ায় মনোনয়ন বঞ্চিত ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থক নেতাকর্মীরা প্রথমে আক্কেলপুর উপজেলা গেটে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালনের প্রস্তুতি নেয়।
এ সময় আক্কেলপুর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা তাদের প্রতিহত করতে এগিয়ে এলে এক পর্যায়ে কথা কাটাকাটির সময় গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আপেল মাহমুদ বকুলকে মারধরের ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীরা তুলশীগঙ্গা সেতুর পূর্ব পার্শ্বে অবস্থান নেয়। তারা বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মীমাংসার চেষ্টা চালাতে গেলে উত্তেজনা আরও বেড়ে যায় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ ব্যাপারে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার কর্মী গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ বকুল বলেন, এখনো বিএনপির মনোনয়ন চুড়ান্ত ভাবে কনফার্ম হয় নাই। এটি সম্ভাব্য প্রার্থী। যে কোন সময়ে প্রার্থী বদলে যেতে পরে। সেই লক্ষ্যে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করতে এসেছি। কিন্তু এখানে আব্দুল বারীর সন্ত্রাসীরা আমাকে অতর্কিত ভাবে রাস্তায় ফেলে মারধর করেছে। বারীকে কোন দিন বিএনপির রাজনীতি করতে আমি দেখিনি।
উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হাসান মুন্না বলেন, জয়পুরহাট-২ আসনে বিএনপির সাবেক সচিব ও ঢাকার সাবেক জেলা প্রশাসক (ডিসি) আব্দুল বারী স্যারকে দল মনোনয়ন দিয়েছেন। তিনি একজন সৎ মানুষ। আমরা বারী স্যারের বিরুদ্ধে কোন প্রকার ষড়যন্ত্র বা অপপ্রচার চালাতে দিব না। যারা ধানের শীষের বিরেুদ্ধে অপপ্রচার চালাতে এসেছে তাদেরকে আমরা হটিয়ে দিয়েছি।
বিএনপি নেতা আক্কেলপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম চপল বলেন, জয়পুরহাট-২ আসনে অনেকেই মনোনয়ন চেয়েছিল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আব্দুল বারীকে দলীয় মনোনয়ন দিয়েছেন, আমরা তার হয়ে কাজ করছি। কিছু দলছুট নেতা আক্কেলপুরে এসে বিশৃঙ্খলা করতে চেয়েছিল। দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না করে আসুন আমরা সকলেই মিলে কাজ করি।