সর্বশেষ সংবাদ :

মহাদেবপুরে দু’মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

মহাদেবপুর প্রতিনিধি: মহাদেবপুরে যুব উন্নয়ন অধিদপ্তর টেকাব ২য় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় দুই মাস ব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি- বহু পাক্ষিক অংশীদারীত্বে অগ্রগতি’ এই স্লোগানকে সামনে রেখে টেকনোলজি এম-পাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রভি লেন্সড রুরাল ইয়াং পিপলস অফ বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) শীর্ষ প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে উপজেলা পর্যায়ে দুই মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। রবিবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করে।
এ বিষয়ে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিস আরিফুজ্জামান। এ সময় উপসহকারী কৃষি অফিসার আব্দুল মোমেন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রোগ্রামার শাহীন আরা রুমি ও উপজেলা যুব উন্নয়ন অফিসার নাজমা আক্তার।
উল্লেখ্য, শিক্ষিত যুবক ও যুব মহিলা যাতে শুধু চাকরির পিছনে না ঘুরে, প্রযুক্তির সঠিক প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হতে পারে, সে লক্ষ্যেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর সূত্রে জানা গেছে। সূত্র আরো জানায় মোট ৪০ জন প্রশিক্ষণার্থী ৪টি ব্যাচে ভাগ হয়ে প্রতিটি ব্যাচ, প্রতিদিন ২ ঘণ্টা করে নভেম্বর এবং ডিসেম্বর মাস প্রশিক্ষণ গ্রহণ করবেন।


প্রকাশিত: November 7, 2025 | সময়: 5:38 am | সুমন শেখ