, , ।
সানশাইন ডেস্ক: জাতীয় নির্বাচনের আগে গণভোট করার ‘কোনো সুযোগ নেই’ মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েকটি দল এটি নিয়ে জনগণকে ‘বিভ্রান্ত’ করছে। জাতীয় নির্বাচনের আগেই গণভোট করার দাবিতে জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের আন্দোলনে নামার পরিপ্রেক্ষিতে তিনি বিএনপির অবস্থান তুলে ধরে এ কথা বলেন।
শুক্রবার দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় সভায় মির্জা ফখরুল বলেন, “আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, আমরা নির্বাচন করব, নির্বাচন করতে চাই। আমরা ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার সঙ্গে একমত হয়ে আমরা নির্বাচন চাই।
“সেই নির্বাচনকে আজকে বানচাল করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে লেগেছে। বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে সে কথা আমরা পরিষ্কার করে বলেছি।”
জাতীয় নির্বাচনের সঙ্গে এক দিনে গণভোট আয়োজনের বিষয়টি স্পষ্ট করে তিনি বলেন, সেখানে দুটি কারণে ভোট হবে, একটি গণভোটের জন্য, আরেকটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য। “সুতরাং এই বিষয়ে কোনো দ্বিমত কারো থাকবে বলে আমি অন্তত মনে করি না।” মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দেয়। সেখানে গণভোট জাতীয় নির্বাচনের সঙ্গে এক দিনে অথবা আগে যে কোনো সময় করার সুপারিশ করা হয়েছে।
এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রবল মতবিরোধ তৈরি হয়েছে। বিএনপি জাতীয় নির্বাচনের দিনে এক সঙ্গে গণভোট আয়োজনের পক্ষে। অন্যদিকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ কয়েকটি দল নভেম্বরের মধ্যে গণভোট করার জন্য দাবি জানিয়ে আসছে। জামায়াতসহ আট দল বৃহস্পতিবার নির্বাচনের কমিশনের সামনে বিক্ষোভ করেছে। তার আগে গণভোট আগের করার দাবিসহ পাঁচ দফা দাবিতে দুই দফা বিক্ষোভ, গণমিছল, গণসংযোগ কর্মসূচি পালন করেছে।