সর্বশেষ সংবাদ :

বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার মূলহোতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: বিয়ের প্রলোভনে যুবতীকে একাধিকবার ধর্ষণ মামলার মূলহোতা আসামি মাসুম মন্ডল (২৭) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, সদর কোম্পানি। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১২টা ৫ মিনিটে রাজশাহী মহানগরের শাহ মখদুম বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার দুপুুুুুরে র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের প্রেক্ষিতে অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানাধীন শাহ মখদুম বিমানবন্দর এলাকা থেকে মাসুম মন্ডলকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম একজন সহজ-সরল ও নিরীহ নারী। ঢাকায় কর্মরত অবস্থায় তার সঙ্গে লিবিয়া প্রবাসী মাসুম মন্ডলের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় দেড় বছর পর মাসুম দেশে ফিরে ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভিকটিমের গ্রামের বাড়িতে গিয়ে বিয়ের প্রলোভন ও প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করে।
পরবর্তীতে আসামি জাল দলিল তৈরি করে মিথ্যা বিবাহ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ভিকটিমকে স্ত্রীর মর্যাদা দেয় এবং গাজীপুরে ভাড়া বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস শুরু করে। এ অবস্থায় ভিকটিম গর্ভবতী হলে আসামি বিষয়টি জানতে পেরে পালিয়ে যায়। পরে ভিকটিম শিবগঞ্জে মাসুমের বাড়িতে গিয়ে স্বীকৃতি চাইলে সে তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।
নিরুপায় হয়ে ভিকটিম আদালতের শরণাপন্ন হলে আদালতের নির্দেশে বগুড়ার শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী) ২০২০-এর ৯(১) ধারায় মামলা রুজু হয় (মামলা নং-০৩, তারিখ ০১/০৯/২০২৫)। ঘটনাটি দেশব্যাপী প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এরপর র‌্যাব ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং মূলহোতা মাসুম মন্ডলকে গ্রেফতার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব। গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।


প্রকাশিত: October 30, 2025 | সময়: 3:14 am | সুমন শেখ