, , ।
সাপাহার প্রতিনিধি: নওগাঁর সাপাহারে পুলিশ পরিচয়ে আতঙ্ক সৃষ্টি করে দুটি আদিবাসী পরিবারের বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে।
সরেজমিনে ওই এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার দুপুর ১টার দিকে উপজেলার শীতলডাঙ্গা তালতলা আদিবাসী পাড়ায় ৩টি মোটর সাইকেলযোগে ৩ জন ব্যক্তি সাদা পোশাকে পুলিশ পরিচয়ে আদিবাসীদের বাড়ি ঘরে প্রবেশ করে। তারা স্থানীয় মুক্তার কিস্কু নামের এক ব্যক্তির হাতে হাতকড়া লাগিয়ে প্রথমে এলাকায় এক আতঙ্কের সৃষ্টি করে।
এসময় ভয়ে আতঙ্কিত হয়ে ওই গ্রামের আদিবাসীরা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। এ সুযোগে পুলিশ পরিচয়দানকারী ওই লুটেরারা মঙ্গল কিস্কুর ঘরের সুটকেস ভেঙে গরু বিক্রির নগদ ৭০ হাজার টাকা, দুই জোড়া স্বর্ণের কানের দুল ও এক জোড়া রুপার নূপুর এবং মোক্তার কিস্কুর বাড়ি থেকে ছাগল বিক্রির ১০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।
এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ বলেন, ‘ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। সঠিক তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ঘটনার পর হতে ওই আদিবাসী পড়ায় বসবাসরত সদস্যদের মাঝে চরম আতঙ্কাবস্থা বিরাজ করছে বলে স্থানীয় আদিবাসীরা জানিয়েছেন।