সর্বশেষ সংবাদ :

নগরীতে দিনের বেলায় কলেজ শিক্ষার্থীর চেইন ছিনতাই

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর গৌরহাঙ্গা রেলগেইটের মতো জনবহুল এলাকায় এক কলেজ শিক্ষার্থীর স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই শিক্ষার্থীর নাম জান্নাতুল ফেরদৌস প্রীতি। তার বাসা শিরোইল কলোনিতে। তিনি চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনির কন্যা।
জানা গেছে, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে কলেজ যাওয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি। তাকে বহনকারী রিকশা রেলগেট এলাকায় পৌঁছালে পেছন থেকে লুঙ্গি পরা এক ব্যক্তি ওই শিক্ষার্থীর গলায় টান দিয়ে স্বর্ণের চেইন ছিনতাই করে পালিয়ে যায়। ছিনতাইকারীকে ধরা সম্ভব হয়নি।
রেলগেটের মতো ব্যস্ততম এলাকায় দিনে দুপুরে এই ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় চলাচলকারীরা ক্ষোভ ঝাড়েন। ছিনতাই ঘটনার আশেপাশে সিসি ক্যামেরা না থাকায় অনেকে বিরক্ত হয়ে নানা ধরনের সমালোচনা করতে দেখা গেছে।
ছিনতাই ঘটনা শিকার ওই শিক্ষার্থীর বাবা বিএনপি নেতা মনিরুল ইসলাম জনি জানান দিনে দুপুরের ছিনতাই এভাবে মেনে নেওয়া যায় না। সিসি ক্যামেরা গুলো আর কাজ করছে না অনেক এলাকায়। আজকে আমার সন্তান ক্ষতিগ্রস্ত হলো। যেকোনো সময় যেকোনো কারো সন্তান ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা থেকে যাচ্ছে।
প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ করে বলেন পুরো শহরকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে। নগরবাসী ও শহরে আগতরা চলাচল করতে পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান।
ছিনতাইয়ের ঘটনায় তিনি সাধারণ ডায়েরি করবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ মোবাইলে জানান, ঘটনাটি জানার পর পরই তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ পাঠানো হয়। আমরা আশা করছি খুব দ্রুতই অপরাধীকে ধরতে পারবো। সেখানে সিসিটিভির ক্যামেরাগুলো অকার্যকর থাকায় একটু বিলম্বিত হতে পারে অপরাধীকে শনাক্ত করতে।


প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫ | সময়: ৬:২৩ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর