বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: গত বছরের ন্যায় এবারেও অনুষ্ঠিত হয়েছে খেলা প্রেমীদের কাঙ্খিত ওয়ার্ড কাপ (বিদিরপুর বাজার) ফুটবল টুর্নামেন্ট। জমজমাট এই টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে টুর্নামেন্টের দুই পরাশক্তি ফকিরপাড়া তরুণ সংঘ বনাম মুগরুইল একাদশ। রোমাঞ্চকর ফাইনালে জয় ছিনিয়ে নিয়ে এবারের আসরের চ্যাম্পিয়ন হয় ফকিরপাড়া তরুণ সংঘ।
শুক্রবার (২৪ অক্টোবর) মোহনপুর উপজেলার ঐতিহ্যবাহী বসন্তকেদার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজমানি গ্রহন করেন দলের অধিনায়ক পারভেজ (লাল) এবং টিম ম্যানেজার, বিশিষ্ট সাংবাদিক মাজহারুল ইসলাম চপল। রানারআপ পুরস্কার গ্রহণ করেন মুগরুইল একাদশের অধিনায়ক।
উল্লেখ্য, জমজমাট এই আসরে মোট ৭ টি দলের অংশগ্রহনে লিগ ভিত্তিক খেলা শুরু হয়। দলের সংখ্যা কম থাকায় পয়েন্ট (লিগ) পর্ব শেষ করে ৪ টি দলকে কোয়ালিফাই করে সরাসরি সেমিফাইনাল খেলানো হয়। টুর্নামেন্টে সর্বোচ্চ ১৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফকিরপাড়া তরুণ সংঘ, আর ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় মুগরুইল একাদশ, ১১ পয়েন্ট নিয়ে বসন্তকেদার সরকারপাড়া এবং ৭ পয়েন্ট নিয়ে বসন্তকেদার হাটপাড়া। পরে নিজেদের নৈপুণ্য খেলার দক্ষতায় ফাইনাল নিশ্চিত করে গতবারের চ্যাম্পিয়ন মুগরুইল একাদশ এবং এবারের ফেবারিট দল ফকিরপাড়া তরুন সংঘ। অবশেষে নিজেদের অপরাজিত রেখে গত বছরের চ্যাম্পিয়নদের হারিয়ে ২৫ সালের ট্রফি ছিনিয়ে নেয় মৌগাছী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তরুণদের এই দলটি।
ম্যান অব দ্যা ম্যাচ বিজয়ী দলের গোল রক্ষক বিশাল খন্দকার, টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছে পারভেজ এবং সর্বোচ্চ গোল দাতার পুরস্কার তুলে নেন সাজিউল ইসলাম সয়ন। অনুষ্ঠানে অতিথি ছিলেন ৪নং মৌগাছী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন আক্তার শামসুজ্জোহা, বসন্তকেদার ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক জিল্লুর রহমান মিঠুসহ সাবেক খেলোয়াড় ও স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিশিষ্টজনেরা। টুর্নামেন্টটি আয়োজন করেন ৫নং ওয়ার্ডের ক্রীড়া সংগঠক ও তরুণ উদ্যোক্তা হাসান, নাইমুল, নাজমুল ও সইবুর, মাজহারুল ইসলাম চপল।