গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার ২৩ অক্টোবর দুপুরে পৌরসভার কুঠিপাড়া এলাকার পদ্মা নদীর ধারে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে গোলাম মোস্তফা (৪৬) এবং একই গ্রামের মৃত নোমান আলী মণ্ডলের ছেলে আব্দুর বশির (৪০)।
গোদাগাড়ী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এম এ কুদ্দুস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কয়েকজন ব্যক্তি নৌকা যোগে পদ্মা নদী পথে মাদকদ্রব্য নিয়ে কুঠিপাড়া এলাকায় প্রবেশ করছে। খবর পেয়ে অফিসার ইনচার্জকে জানিয়ে আমি সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালাই।
তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে তাদের মধ্যে দুইজনকে ঘটনাস্থলেই আটক করা হয়। পরে গোলাম মোস্তফার হাতে থাকা সাদা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে পাঁচটি পলিথিন প্যাকেটে রাখা ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
অভিযানে অংশ নেন এএসআই মজনু মিয়া ও এএসআই শরিফুল ইসলাম। উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে উদ্ধারকৃত হেরোইন ও ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা, বলে জানিয়েছে পুলিশ।
এসআই কুদ্দুস আরও বলেন, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে হেরোইন এনে বিক্রির উদ্দেশ্যে রাজশাহীর বিভিন্ন এলাকায় সরবরাহ করত।
গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, ঘটনার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পলাতক অন্যান্য সহযোগিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীপথটি দীর্ঘদিন ধরেই মাদক চোরাচালানের একটি সক্রিয় রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে মাদক প্রবেশ করে রাজশাহী হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নদীপথে মাদক আসা ঠেকাতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। কেউ জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না।


প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫ | সময়: ৩:৩৪ পূর্বাহ্ণ | সুমন শেখ