সর্বশেষ সংবাদ :

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের দিয়ে ছাত্রদলের কমিটি গঠন : বিক্ষোভে উত্তাল ঈশ্বরদী সরকারী কলেজ

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ‘ত্যাগীদের’ বাদ রেখে নিষিদ্ধ ছাত্রলীগের অনুপ্রবেশকারীদের নিয়ে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের কমিটি গঠনের অভিযোগে ক্ষোভে-বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ঈশ্বরদী সরকারী কলেজ চত্বর। সদ্য ঘোষিত ঈশ্বরদী সরকারী কলেজ ছাত্রদলের কমিটি প্রত্যাক্ষাণ ও অবাঞ্চিত করে বৃহস্পতিবার কলেজ চত্বরে দফায় দফায় বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ২১ অক্টোবর রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্যাডে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের ১২ সদস্যদের নাম ও পদ সম্বলিত কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে ‘ত্যাগীদের’ অবমূল্যায়ন এবং নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকে অর্ন্তভুক্ত করা হয়েছে এমন অভিযোগ তুলে মঙ্গলবার রাত থেকেই দফায় দফায় আন্দোলন, বিক্ষোভ-সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকালে ঈশ্বরদী সরকারী কলেছ ছাত্র সংসদের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সদ্য ঘোষিত কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহ্ মুদুল ইসলাম শাওন। তিনি বলেন, ৫ আগস্টের পূর্বে বিএনপির সকল আন্দোলন সংগ্রামে নিজের জীবন বাজি রেখে সক্রিয় অংশ গ্রহণ করেছি। কিন্তু কলেজ ছাত্রদলের যে কমিটি ঘোষণা করা হয়েছে সেখানে যারা স্থান পেয়েছে ফ্যাসিনবাদী শাসনামলে গণতন্ত্র পুন:রুদ্ধারের আন্দোলন সংগ্রামে তাদের কোন ভুমিকা ছিল না।
শুধু তাই নয়, কমিটিতে এমন কয়েকজন স্থান পেয়েছে যারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয় জড়িত ছিল। যারা কিনা গণতন্ত্র পুনঃরুদ্ধারের আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ করার কারণে আমাদের উপর হামলা করেছে, গুলি বর্ষণ করেছে, বাড়িতে থাকতে দেয়নি, কলেজে যেতে দেয়নি, এমনকি পরীক্ষা পর্যন্ত দিতে দেয়নি, মিথ্যা মামলা দিয়ে জেলে দিয়েছে, বাড়ি ঘর ভাংচুর করেছে।
অথচ এই সকল ছাত্রলীগের সন্ত্রাসীদের ছাত্রদলের কমিটিতে দেওয়ায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। অতীতে তারা আমাদের শরীর থেকে রক্ত ঝড়িয়েছে আর আজ কমিটির কারণে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তাই সদ্য ঘোষিত ঈশ্বরদী সরকারী কলেজ ছাত্রদলের কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন সিনিয়র সহ-সভাপতি মাহ্ মুদুল ইসলাম শাওন। সে সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান বিটু, ইমরান হোসেন সোহান, নাজমুল হাসান রিসাদ প্রমূখ। সে সময় কলেজ চত্বরে কয়েক’শ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে একই অভিযোগে গত বুধবার ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন সদ্য ঘোষিত কমিটির যুগ্ন-সম্পাদক শ্রাবণ আহমেদ, প্রচার সম্পাদক মাহমুদ হাসান শান্ত ও দপ্তর সম্পাদক রোহান প্রীত আহমেদ।
এদিকে সংবাদ সম্মেলন শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল কলেজ চত্বর প্রদক্ষিণ করে কলেজ রোড হয়ে কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগান দেয়। এর আগে সকাল সাড়ে ১১টার দিয়ে কলেজের পদবঞ্চিত অপর একটি গ্রুপ একই দাবিতে ঈশ্বরদী শহর ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।


প্রকাশিত: October 24, 2025 | সময়: 4:41 am | সুমন শেখ