আফগান যুবাদের স্বাগত জানাতে প্রস্তুত রাজশাহী

ফয়সাল আলম: বাংলাদেশ ও আফগানিস্তানের যুবাদের মধ্যে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ হবে বাংলাদেশের উত্তরাঞ্চলের শহর রাজশাহী ও বগুড়ায়। সিরিজের শেষ তিনটি ম্যাচ অনুুষ্ঠিত হবে রাজশাহীতে। প্রথম দুই ম্যাচ মাঠে গড়াবে বগুড়ায়।
৩ নভেম্বর রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ওয়ানডে। এরপর একই ভেন্যুতে সিরিজের পরের দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৬ ও ৯ নভেম্বর। সিরিজ শেষে ১০ নভেম্বর বাংলাদেশ ছাড়বে আফগানিস্তানের যুবারা।
বগুড়ায় সিরিজের প্রথম দু’টি ম্যাচ হবে ২৮ ও ৩১ অক্টোবর। এর মধ্য দিয়ে প্রায় ১৬ বছর পর শহীদ চান্দু স্টেডিয়ামে বয়সভিত্তিক পর্যায়ের আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে। ভেন্যুটিতে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০০৯ সালের ২০ নভেম্বর।
বগুড়ার পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রাজশাহী ভেন্যুকে গুরুত্ব দিচ্ছে। আসন্ন বিপিএল নিয়েও ভাবা হচ্ছে। রাজশাহীর ভেন্যু ম্যানেজার মো. সাইফুল্লাহ খান জেম জানিয়েছেন, আফগান যুবাদের বিপক্ষে বাংলাদেশ যুবাদের ম্যাচ আয়োজনে রাজশাহী ভেন্যু প্রস্তুত রয়েছে।
আফগানিস্তান সিরিজের পর ডিসেম্বরে নেপালে এশিয়া কাপ খেলবে বাংলাদেশের যুবারা। এশিয়া কাপের পর ২০২৬ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ে এবং নামিবিয়ার মাটিতে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
এদিকে সিরিজের শেষ তিনটি ম্যাচ রাজশাহীতে অনুষ্ঠিত হওয়া খবরে উচ্ছ্বাসিত রাজশাহী মহানগরীর ক্রীড়াপ্রেমীরা। নগরীর সাধুর মোড় এলাকার মিলন জানান, এ ধরনের আয়োজন বেশি বেশি হওয়ার দরকার। এতে যুব সমাজ খেলাধুলার প্রতি আগ্রহী হয়ে উঠছে।
উপশহর এলাকার শাহীন জানান, মাদকের ভয়াল থাবায় যুব সমাজ ধ্বংস হচ্ছে। একমাত্র খেলাধূলাই পারে সুন্দর জীবন গড়তে। তাই আগামীর প্রজন্মকে খেলাধূলার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে বেশি বেশি এমন আয়োজন করা প্রয়োজন।


প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫ | সময়: ৩:৪৫ পূর্বাহ্ণ | সুমন শেখ