বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি: লাল মাটির টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চল আনারসের রাজধানী হলেও থেমে নেই অন্য সব সবজির আবাদ। এবছর এই বনাঞ্চলে উৎপাদিত সবজি পেঁপের বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে কৃষকেরা অন্তত ৪’শ কোটি টাকার পেঁপে বিক্রি করার সম্ভাবনা দেখছেন।
এ উপজেলার বেশিরভাগ এলাকা তুলনামূলক উঁচু হওয়ায় এখানকার কৃষকদের আনারসের পর পেঁপে চাষে আগ্রহ দিন দিন বাড়ছে। ফলের পুষ্টি ও সবজির চাহিদা মেটাতে অন্যান্য ফসলের পাশাপাশি বাণিজ্যিক ভাবে পেঁপে চাষে আগ্রহী উঠেছে এখানকার কৃষকেরা। মধুপুরের উৎপাদিত পেঁপে জেলার চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়।
মধুপুর উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, এ বছর মধুপুরে এক হাজার ৫৬ হেক্টর জমিতে পেঁপে আবাদ হয়েছে। এতে উৎপাদন ধরা হয়েছে ৩৫-৪০ মেট্রিক টন। যার বর্তমান বাজার মূল্য ৪ শত কোটি টাকা।
কৃষকদের সঙ্গে কথা বলে জানাযায়, পেঁপে চাষে জমি প্রস্তুত থেকে শুরু করে গাছ থেকে পেঁপে তোলা পর্যন্ত বিঘাপ্রতি ৫০ হাজার টাকা খরচ হয়। দাম ভালো থাকলে বিঘাপ্রতি দেড় থেকে দুই লাখ টাকার বেশি পেঁপে বিক্রি করা যায়। এ কারণে উপজেলার ১১টি ইউনিয়নেই কমবেশি পেঁপের আবাদ হয়ে থাকে। এ ছাড়া চাষীদের পেঁপে জমি থেকে বাজারে নিয়ে বিক্রি করতে হয় না। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে জমি থেকেই পেঁপে কিনে নিয়ে যান। ঢাকা সহ দেশের সব জেলার সঙ্গে মধুপুরে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় এই এলাকার পেঁপের চাহিদা রয়েছে।
কৃষি কর্মকর্তারা বলছেন, উচ্চফলনশীল জাত সহজে পাওয়া যাচ্ছে। এতে ফলন দ্রুত হয়, খরচ কম পড়ে, লাভ বেশী হয়। এক সময় শুধু বাড়ীর আঙিনায় পেঁপে গাছ লাগানো হতো। এখন বাণিজ্যিকভাবে পেঁপে চাষ হচ্ছে। লাভজনক ফসল হওয়ায় বাণিজ্যিকভাবে পেঁপে চাষে এগিয়ে আসছেন অনেক কৃষি উদ্যোক্তা। আর পেঁপে চাষে পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছে কৃষি বিভাগ।
সরেজমিনে মধুপুরের মিজাবাড়ী, ইদিলপুর, টেলকি, বেরিবাই, গারোবাজার, দোখলা, লাউফুলা, অরণখোলা, আলোকদিয়া, এলাকায় গিয়ে দেখা যায়, দিগন্ত জুড়ে চোখে পড়ছে সবুজ পেঁপে বাগান। গাছে গাছে ঝুলছে পেঁপে। কেউ ফল তুলছেন, কেউ দিচ্ছেন সার-পানি, আবার কেউ লাগাচ্ছেন নতুন চারা। দেশীয় জাতের পাশাপাশি টপ লেডি, গ্রিন লেডি, থাই সহ নানা জাতের পেঁপে চাষ করেছেন। তবে এ এলাকায় সবচেয়ে বেশি উৎপাদিত হচ্ছে টপ লেডি জাতের পেঁপে।
এ সময় কৃষি উদ্যোক্তা শাহাজামাল মিয়ার সঙ্গে কথা হলে তিনি জানান, লিজ নিয়ে ৭ বিঘা জমিতে তিনি টপলেডি জাতের পেঁপে চাষ করেছেন। মোট ৭ বিঘা জমির পেঁপে বাগানে খরচ হয়েছে ১০ লাখ টাকা। খরচ একটু বেশি হলেও ২০ থেকে ২২ লাখ টাকার পেঁপে বিক্রির আশা করছেন এই কৃষক।
তিনি বলেন, বাগান থেকে ইতোমধ্যে ৩০ টাকা কেজি দরে ১ লাখ ৩০ হাজার টাকার পেঁপে বিক্রি করেছেন। অন্যান্য ফসলের তুলনায় পেঁপের উৎপাদন খরচ কম, লাভ বেশী। অধিক ফলন ও ভাল দামের কারণে আগামীতে আরো বেশী পেঁপে চাষ করবেন বলে জানান তিনি।
রানিয়াদ গ্রামের পেঁপে চাষী মজনু মিয়া বলেন, গত বছরের চেয়ে এ বছর পেঁপের দাম ভালো। এ বছর আমি ৩ বিঘা জমি ২ বছরের জন ২ লাখ টাকা দিয়ে লিজ নিয়েছি। সেখানে ১৫শ পেঁপের চারা রোপণ করেছি, এতে আমার খরচ হয়েছে ৫ লাখ টাকা। আশা করছি ১০ লাখ টাকার পেঁপে বিক্রি করতে পারবো।
পেঁপে ব্যবসারী হাজিজুল জানান, আমি প্রতি বছর ১০-১২ লাক্ষ টাকার পেঁপে বাগান কিনি। এ বছর আমি ১৭ লাখ টাকার পেঁপে বাগান কিনেছি। প্রতি গাছে দেড় থেকে দুই মণ করে পেঁপে ধরেছে। আশা করছি এ বছর ভালো লাভ থাকবে।
মধুপুর উপ-সহকারী কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, আমার দায়িত্বরত এলাকা শুধুমাত্র মিজাবাড়ী ইউনিয়নে ছোট বড় মিলে ১২টি পেঁপের বাগান রয়েছে। আমি এ সব কৃষি উদ্যোক্তাদের সাথে যোগাযোগ রক্ষা করে কৃষি পরামর্শ প্রদান করে থাকি। যাতে কৃষকরা পেঁপের অধিক ফলন পায় এবং ভালো দামে পেঁপে বিক্রি করতে পারে।
মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা সানশাইনকে জানান, ‘মধুপুরে আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর পেঁপের অধিক ফলন হয়েছে। চারা রোপন থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত কৃষি অফিস থেকে নিয়মিত পরামর্শ দেয়া হয়ে থাকে।
মধুপুরের তিন ধরনের পেঁপে উৎপাদন হয়, টপ লেডি, রেড লেডি, সুইট লেডি, মধুপুরে টপ লেডি পেঁপে বেশী চাষ হয়। মধুপুরে আনারসের পাশাপাশি অর্থকরী ফসলের মধ্যে যুক্ত হয়েছে পেঁপে, কলা, পেয়ারা, ড্রাগন সহ বেশ কয়েকটি ফসল। এর মধ্যে ঝুঁকি কম এবং লাভ বেশী হওয়ায় পেঁপের প্রতি কৃষকেরা ঝুঁকেছেন বেশী। চলতি মৌসুমে কৃষকেরা অন্তত ৩০০ থেকে ৪০০ কোটি টাকার পেঁপে বিক্রি করার সম্ভাবনা রয়েছে।’