বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে নলডাঙ্গা থানা পুলিশ। সোমবার রাতে নলডাঙ্গা উপজেলার কাশোবাড়িয়া গ্রামে ধর্ষণের শিকার হয় ঐ কিশোরী।
ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে রাতেই নলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার মূল অভিযুক্ত মনিরুল ইসলাম (৩৩) কে গ্রেপ্তার করে। মনিরুল ইসলাম উপজেলার সমসখলসী মধ্যপাড়া গ্রামের রমজান আলী শেখের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মনিরুল ইসলামের সঙ্গে কিশোরীর মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ১৯ অক্টোবর রাতে বেড়ানোর কথা বলে মনিরুল কিশোরীকে কাশোবাড়িয়া এলাকায় নিয়ে যায়। সেখানে মনিরুল ও তার সহযোগীরা মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। কিশোরীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।