, , ।
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দীর্ঘ ১৯ বছর পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের তিন ধর্মের উপাসনাস্থলের উদ্বোধন করেছে উপাচার্য। রবিবার ১৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের চারুদ্বীপে নির্মিতব্য উপাসনাস্থলের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নামফলক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলম।
নামফলক উদ্বোধনকালে উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলম বলেন, এই উপাসনাস্থল উদ্বোধনের মধ্য দিয়ে সম্প্রীতির বাংলাদেশ হিসেবে কবি নজরুলের দর্শনকে প্রমাণ করতে পারলাম। আমরা যতদিন থাকব, সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন অটুট থাকবে বলে আমি বিশ্বাস করি।
এই বিশ্ববিদ্যালয়ে যোগদানের শুরু থেকেই উপাসনালয়ের দাবি করা হয়েছিল, বিশেষ করে সনাতন ধর্মের পক্ষ থেকে বেশি দাবি ছিল। বিভিন্ন ধর্মের উপাসনাস্থল উদ্বোধন করতে পেরে আমি কিছুটা হলেও স্বস্তি বোধ করছি।
উপাসনাস্থল উদ্বোধনকালে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মিজানুর রহমান ও চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তপন কুমার সরকার।
এছাড়া শিক্ষার্থীদের মধ্যে সনাতন ধর্মের পক্ষ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী বিপ্লব দাশ, খ্রিষ্টান ধর্মের পক্ষ থেকে লোকপ্রশাসন ও সরকার পরিচালনাবিদ্যা বিভাগের শিক্ষার্থী শ্রাবণ চিছা এবং বৌদ্ধ ধর্মের পক্ষ থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সুবেশ চাকমা বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. আশরাফুল আলম। উদ্বোধনকালে বিভিন্ন হলের প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় ও দপ্তর প্রধানগণ সহ শিক্ষক, সংশ্লিষ্ট প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পাশাপাশি নির্মিতব্য তিনটি ভবনের একটি সনাতন, একটি বৌদ্ধ ও একটি ভবন খ্রিষ্টান ধর্মাবলম্বীদের জন্য নির্ধারণ করা হয়েছে।