সর্বশেষ সংবাদ :

পরিসংখ্যান দিবসে বিভাগীয় কমিশনার : বিশেষ কাজে বিশেষ মানুষদের জন্য উপাত্ত বেশি জরুরি

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, সব মানুষের জন্য কোন না কোন উপাত্ত দরকার, তবে বিশেষ কাজে বিশেষ মানুষদের জন্য উপাত্ত বেশি জরুরি। সব মানুষের সব তথ্য হয়তো কাজে লাগেনা।
সোমবার (২০ অক্টোবর) রাজশাহী বিভাগীয় ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, অনেক ক্ষেত্রে উপাত্তের চেয়ে উদ্দেশ্য গুরুত্বপূর্ণ হয়। এ প্রসঙ্গে চলমান টিকাদান ক্যাম্পেইনের উদাহরণ দিয়ে তিনি বলেন, এ ক্যাম্পেইন উপলক্ষে কতগুলো অ্যাডভোকেসি সভা হয়েছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কতজন শিশু এ ক্যাম্পেইন থেকে টিকা পেল। এসময় তিনি যেকোনো কাজের উদ্দেশ্য অনুধাবন করে সে অনুসারে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্মপরিচালক মো. আব্দুল হালিম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. আইয়ুব আলী।
সভায় বক্তাগণ জরিপকালে জনগণকে সঠিক তথ্য প্রদানের অনুরোধ জানিয়ে দক্ষ লোকবল দিয়ে তথ্য সংগ্রহে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় রাজশাহী বিভাগীয় স্বাস্থ্যের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, স্থানীয় সরকার পরিচালক পারভেজ রায়হান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, আরএমপির অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভাগীয় কমিশনার কার্যালয় হতে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে শেষ হয়।


প্রকাশিত: October 21, 2025 | সময়: 5:28 am | সুমন শেখ