, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ফারুক নামে এক অপহরনকারীকে গ্রেপ্তার সহ অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে। ফারুক জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পারুইল গ্রামের আব্দুল হামিদের ছেলে। শনিবার সকালে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কর্তৃক পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, ভিকটিম পাঁচবিবি উপজেলার ধরঞ্জী উচ্চ বিদ্যালয় হতে এ বছর এসএসসি পাশ করে। গত ১২ আগষ্ট ভিকটিম তার ফুফুর বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে পরিবারের লোকজন তার ফুফুর বাসায় খোঁজ করে জানতে পারে, ভিকটিম সেখানে যায়নি। ভিকটিমের পরিবার তাদের নিকট আত্মীয়-স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে ভিকটিমকে খোঁজাখুঁজি করে না পেয়ে পাঁচবিবি থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
কয়েকদিন পর তারা জানতে পারে, ঘটনার দিন সন্ধ্যা ৭ টার সময় ফারুক মোটরসাইকেল যোগে ভিকটিমকে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি অপহরণ মামলা দায়ের হলে মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে শনিবার ভোর রাতে র্যাব সদস্যরা শহরের রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ফারুককে গ্রেপ্তার সহ ভিকটিমকে উদ্ধার করে। ফারুককে পাঁচবিবি থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।