সর্বশেষ সংবাদ :

৭ নভেম্বর দেশের ৯ চিনিকলে চিনি উৎপাদনে যাচ্ছে

লালপুর প্রতিনিধি: বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) আওতাধীন দেশের সচল ৯টি চিনিকলে ২০২৫-২৬ আখ মাড়াই মৌসুমের আখ মাড়াই শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ৭ নভেম্বর নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে দেশে চলতি মৌসুমের চিনি উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে বিএসএফআইসি। এর আগে ৬ অক্টোবর তারিখে অনুষ্ঠিত করপোরেশনের ২৫৫৫তম বোর্ড সভায় ২০২৫-২৬ মৌসুমে চালুকৃত ৯টি চিনিকলে আখ মাড়াই কার্যক্রম শুরুর তারিখ নির্ধারণে সিদ্ধান্ত গৃহিত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী ৭ নভেম্বর লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিল, ২১ নভেম্বর নাটোর চিনিকল, ২৮ নভেম্বর রাজশাহী চিনিকল ও জামালপুরের জিল বাংলা চিনিকল, ৫ ডিসেম্বর চুয়াডাঙ্গার কেরু এন্ড কোং (বিডি) লি. ও ফরিদপুর চিনিকল, ১২ ডিসেম্বর ঠাকুরগাঁও চিনিকল ও ঝিনাইদহের মোবরকগঞ্জ চিনিকল এবং ২৬ ডিসেম্বর জয়পুরহাট চিনিকলে ২০২৫-২৬ আখমাড়াই মৌসুমের চিনি উৎপাদন শুরু হবে বলে জানাগেছে।
বুধবার (১৫ অক্টোবর) বিএসএফআইসি সচিব মোহাম্মদ মুজিবুর রহমান স্বাক্ষরিত চিঠিতে উল্লেখিত ৯টি চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকগণকে ২০২৫-২০২৬ আখমাড়াই মৌসুমের কার্যক্রম চালুর প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।


প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫ | সময়: ৩:৩৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর