সর্বশেষ সংবাদ :

স্কুলে মোবাইল-মোটরসাইকেল নিষিদ্ধ করলেন ইউএনও

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ীতে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে আসা নিষিদ্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
মঙ্গলবার দুপুরে উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় নির্দেশনা জারি করেন তিনি।
উপজেলা প্রশাসনের পর্যবেক্ষণে দেখা গেছে, শিক্ষার্থীদের মধ্যে এসবের অপব্যাহার ও শেণিকক্ষে অমনোযোগিতা দেখা যাচ্ছে। অনেক শিক্ষার্থী শ্রেণিকক্ষে শিক্ষকের ক্লাসের সময়েও মোবাইল ফোনে ব্যাস্ত থাকে। কেউ কেউ দিনভর সময় কাটাচ্ছে অনলাইনে গেমস, রিলস ও টিকটক দেখে। এতে শিক্ষার পরিবেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ ও নৈতিকতাও দিন দিন অবনতি ঘটছে।
ইউএনওর এ ঘোষণার পরপরই গোদাগাড়ী উপজেলার বেশ কয়েকটি স্কুলের প্রধান শিক্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করবে বলে জানিয়েছেন। এ ছাড়া শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে উপজেলা প্রশাসন খেলাধুলার সামগ্রী বিতরণ করছেন।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকরা। গোদাগাড়ী সরকারি স্কুল এন্ড কলেজের মাধ্যমিকের এক শিক্ষার্থীর অভিভাবক মামুন বলেন, আমরা চাই সন্তানরা পড়াশোনায় মনোযোগী হোক। এ সিদ্ধান্তটি সময়োপযোগী।
সহকারী প্রধান শিক্ষক আশরাফুজ্জান মাসুম বলেন, এভাবে তদারকি চালু থাকলে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী হবে। এ উদ্যোগের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরবে। শুধু নিষেধাজ্ঞা নয়, নিয়মিত মনিটরিং এবং সচেতনতা কার্যক্রম চালু থাকলে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, শিক্ষার্থীরা যেন মোবাইল ফোনের আসক্তি থেকে মুক্ত থাকে এবং সড়ক দুর্ঘটনা রোধে সভায় প্রস্তাব উঠায় সবাই একমত পোষণ করেন।
তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের সৃজনশীলতা, শৃঙ্খলা ও নৈতিকতায় অভ্যস্ত করে গড়ে তুলতে চাই। মোবাইল ফোন ও মোটরসাইকেল ব্যবহারের নিয়ন্ত্রণ শিক্ষার পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনবে। শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার এবং মোটরসাইকেলের অনিয়ন্ত্রিত চলাচল রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, শিক্ষার পরিবেশ উন্নত করতে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


প্রকাশিত: October 16, 2025 | সময়: 2:48 am | সুমন শেখ