বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রির্পোটার: ‘বঞ্চনা নয়, চাই মর্যাদা’- এই স্লোগানকে সামনে রেখে সর্বস্তরের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের রাজশাহী মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে একটি সমাবেশ হয়। সংগঠনটির রাজশাহী মহানগর শাখার সভাপতি অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের রাজশাহী মহানগরের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল। সমাবেশে তিনি বলেন, ‘সকল বৈষম্য দূর করতে হবে। জুলাই বিপ্লবের পর শিক্ষক সমাজ আশা করেছিল ন্যায্য দাবি পূরণ হবে, কিন্তু দেখা যাচ্ছে তা বাস্তবায়িত হয়নি। পার্শ্ববর্তী দেশ ভারতসহ বিশ্বের বহু দেশে শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সুবিধা দেওয়া হয়, তাহলে বাংলাদেশে কেন হবে না?’
তিনি আরও বলেন, মাত্র ৫০০ টাকা বাড়িভাড়া বাড়িয়ে শিক্ষকদের অপমান করা হয়েছে। অথচ আমাদের দাবি ছিল শতভাগ বাড়িভাড়া বৃদ্ধি। শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে বৈষম্য চলছে, তা অবিলম্বে দূর করতে হবে। শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়িয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপনের পরিবেশ তৈরি করতে হবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. কামরুল আহসান, সাধারণ সম্পাদক ড. কুদ্দুসর রহমান, আদর্শ কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. সকিলুর রহমান প্রমুখ।
এছাড়াও নওগাঁয় একই দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা। এমপিও ভুক্ত স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষকদের ৫০ শতাংশ বাড়ি ভাড়া, শতভাগ উৎসব ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং এবতেদায়ী মাদরাসা ও নন এমপিও শিক্ষক কর্মচারীদের চাকুরী এমপিও ভুক্তকরণ ও শিক্ষকদের অবসর ও কল্যাণ তহবিলের পাওনা বিল দ্রুত পরিশোধের দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা।
শনিবার বেলা ১১টার দিকে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নওগাঁ জেলা শাখার ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নওগাঁ জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক মহিউদ্দিন, নওগাঁ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাহবুবুল আলম, কারিগরি শিক্ষক ফেডারেশন নওগাঁ জেলার সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, নওগাঁ চন্ডিপুর দাখিল মাদরাসার সহকারী সুপার তোফাজ্জল হোসেন মোল্লা, মাদরাসা শিক্ষক পরিষদের জেলা সভাপতি জাহিদুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশন মান্দা উপজেলা শাখার সভাপতি আব্দুল মালেক, আদর্শ মাধ্যমিক শিক্ষক ফেডারেশন নওগাঁ জেলা শাখার সভাপতি শামীম চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকতা পেশায় অন্যান্য পেশার তুলনায় সুযোগ-সুবিধা না থাকার কারণে দেশের মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হচ্ছে না। যার কারণে দেশের শিক্ষাব্যবস্থার মান দিন দিন নিম্নমুখী হয়ে যাচ্ছে। শিক্ষার মান উন্নয়ন করতে চাইলে শিক্ষকদের মান উন্নয়নের কোন বিকল্প নেই।
শিক্ষক জাতির মেরুদন্ড কিন্তু বর্তামনে সবচেয়ে মানবেতর জীবন যাপন শিক্ষকরাই করছে। আমাদেরকে সরকার থেকে যে চিকিৎসা ভাতা দেওয়া হয় সেটি দিয়ে ডাক্তারের ফি দিতে পারি না। ওষুধ কিনা তো পরের কথা। আমরা দীর্ঘদিন যাবত আমাদের এই দাবিগুলো নিয়ে আন্দোলন করে আসছি। বারবার আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু তা বাস্তবায়ন করা হয় না। আমরা আর কোন প্রতিশ্রুতি নিতে চাই না আমরা দ্রুত আমাদের দাবির বাস্তবায়ন দেখতে চাই।
বক্তারা আরও বলেন, সম্প্রতি আমাদের যে দাবি ছিল বাড়ি ভাড়া বিশ শতাংশ বৃদ্ধির প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় তা পাঠানো হয়েছিল। কিন্তু পতিত সরকারের কিছু দোসর মন্ত্রণালয় গুলোতে থাকার কারণে আমাদের এই ন্যায্য দাবিকে তারা প্রত্যাখ্যান করেছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই যে সকল পতিত সরকারের দোসররা মন্ত্রণালয় বসে আছেন আপনারা সাবধান হয়ে যান। অচিরেই আমাদের দাবি মেনে নিন না হলে আপনাদের পরিস্থিতিও পতিত সরকারের মতই হবে।