, , ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: বাগমারায় মাছ চাষ নিয়ে বিরোধে দুটি হত্যাকান্ড সংঘঠিত হওয়া আলোচিত জোকা বিল মৎস্য চাষ প্রকল্পের সহ-সভাপতি সহ কয়েকজন সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ধরতে গিয়ে নিজেই দুর্নীতিতে ফেঁসে গেছেন হিসাব রক্ষক সাজ্জাদুর রহমান মিঠু। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রকল্পের প্রায় ৬২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কমিটি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনার পর থেকে বিল সংলগ্ন এলাকায় আবারও দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
শুক্রবার সরজমিনে এলাকায় গিয়ে জানা গেছে, বিগত ২০০৬ সাল থেকে নরদাশ ইউনিয়নের জোকা বিলের সমস্ত কৃষি জমিতে বিনামূল্যে সেচ সুবিধা ও কৃষকদের বছরে বিঘা প্রতি ছয় হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রকল্পের মাধ্যমে মাছ চাষ হয়ে আসছে।
সম্প্রতি ওই বিলে মাছ চাষকে কেন্দ্র করে দুটি হত্যাকান্ডও সংঘটিত হয়। এরপর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বিলটি স্থানীয় প্রসাশন নিয়ন্ত্রনে নেয়। কিন্তু গত ৫ আগস্ট আ.লীগ সরকারের পতনের পর ‘জোকা বিল মৎস্যচাষ প্রকল্প’ নামে একটি কমিটি গঠন করে এলাকার লোকজন বিলটি নিয়ন্ত্রনে নিয়ে মাছ চাষ শুরু করেন।
তবে ওই কমিটির সহ-সভাপতি সহ কয়েকজন সদস্যের বিরুদ্ধে প্রকল্পের প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেন প্রকল্পের হিসাব রক্ষক সাজ্জাদুর রহমান মিঠু। তার অভিযোগের প্রেক্ষিতে প্রকল্প থেকে তাদের বহিষ্কারও করা হয়। এরপর বহিষ্কৃতদের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে গিয়ে হিসাব রক্ষক মিঠু নিজেই দুর্নীতির জালে ধরা পড়েন।
প্রকল্পের সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, হিসাব রক্ষক সাজ্জাদুর রহমান মিঠু ও ক্যাশিয়ার আফসার আলী আমার সহ আরো কয়েকজন সদস্যের স্বাক্ষর জাল করে প্রকল্পের এক লাখ ৬৮ হাজার টাকা, একাধিক ভূয়া ভাউচার দেখিয়ে তিন লাখ ৫২ হাজার টাকা, আড়তে মাছ বিক্রয় করে ৩০ লাখ টাকা এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ২৬ লাখ ৮৭ হাজার টাকাসহ মোট ৬২ লক্ষ সাত হাজার টাকা আত্মসাত করেছেন। আত্মসাতের সেই প্রমান ঢাকতে তারা দুটি আয়ের ভাউচার বইও গায়েব করে দিয়েছেন।
প্রকল্পের সভাপতি এফাজুর রহমান জানান, প্রকল্পের অন্য সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ করতে গিয়ে হিসাব রক্ষক মিঠু নিজেই দুর্নীতির জালে ধরা পড়েছেন। এ কারণে তাকে প্রকল্প থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে অভিযুক্ত হিসাব রক্ষক সাজ্জাদুর রহমান মিঠু অভিযোগ অস্বীকার করে বলেছেন, সবাই মিলে চক্রান্ত করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।