সর্বশেষ সংবাদ :

ঢাবি’র এজিএস মহিউদ্দীনকে জয়পুরহাটে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এজিএস পদে জয়লাভ করেছেন জয়পুরহাটের কৃতি সন্তান, হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র মহিউদ্দীন খান। তাঁর এই গৌরবোজ্জ্বল অর্জনে মঙ্গলবার সকালে তাঁর শিক্ষা প্রতিষ্ঠান হানাইল নোমানিয়া মাদ্রাসার পক্ষ থেকে এক সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হাকিম।
এ উপলক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ। মুফতি সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডা. ফজলুর রহমান সাইদ, জেলা সেক্রেটারি জেনারেল গোলাম কিবরিয়া প্রমুখ। এ সময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মহিউদ্দীন খানের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি জয়পুরহাট তথা হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার গৌরব। তার মতো তরুণ নেতৃত্ব দেশের ভবিষ্যৎ রাজনীতিকে সৎ, ন্যায়নিষ্ঠ ও আদর্শ ভিত্তিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় বক্তারা তরুণ প্রজন্মকে সুশিক্ষা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। শেষে মাদ্রাসার পক্ষ থেকে নব নির্বাচিত এজিএস মহিউদ্দীন খানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


প্রকাশিত: October 9, 2025 | সময়: 4:20 am | সুমন শেখ