কাঁচা মরিচের দাম এক দিনে কেজিতে কমলো ১৩০ টাকা

মতলুব হোসেন, জয়পুরহাট: ভারত থেকে আমদানি শুরু হওয়ায় এবং সেই মরিচ জয়পুরহাটে পৌঁছায় জয়পুরহাটের বাজারে হু হু করে কমেছে কাঁচা মরিচের দাম। মাত্র এক দিনের ব্যবধানে কেজি প্রতি ১৩০ টাকা কমে বর্তমানে পাইকারি বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৩০ টাকায়, আর খুচরা বাজারে ১৪০ থেকে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মাঝে।
সোমবার সকালে জয়পুরহাটের বাজার ঘুরে দেখা গেছে, গত রবিবার পর্যন্ত পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম ছিল প্রতি কেজি ২৬০ টাকা। তা নেমে এসেছে ১৩০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, আমদানি শুরু হওয়ার পর সরবরাহ বেড়ে যাওয়ায় দাম অর্ধেকেরও বেশি কমে গেছে। এর আগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একটানা ৬ দিন হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধ ছিল। ফলে কাঁচা মরিচের দাম হঠাৎ করেই আশংকাজনক ভাবে বেড়েছিল। তবে কেবল কাঁচা মরিচ নয়, অন্যান্য কিছু পণ্যের দামও বেড়েছিল।
জয়পুরহাট মাছুয়া বাজারের পাইকারি মরিচ ব্যবসায়ী খলিল হোসেন জানায়, গতকালও ২৬০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনেছি, আর বিক্রি করেছি ২৬৫ থেকে ২৭০ টাকা পর্যন্ত। আর সেই মরিচ খুচরা বাজারে বিক্রি হয়েছে ৩১০ টাকা পর্যন্ত। আর আজ সেই মরিচ পাইকারি কিনেছি ১৩০ টাকা, আর বিক্রি করছি ১৩৫ টাকায়। খুচরা বাজারে সেই মরিচ বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।
শহরের বৃহৎ কাঁচাবাজার নতুনহাটের ব্যবসায়ী আরমান হোসেন জানায়, বর্তমানে বাজারে কাঁচা মরিচের দাম অর্ধেকে নেমেছে। একদিন আগে রবিবারও যে মরিচ ২৬০ টাকায় কিনেছি তা আজ কিনলাম ১৩০ টাকায়। কাঁচা মরিচের দাম আজ হঠাৎ করেই পড়ে গেছে। সরবরাহ স্বাভাবিক থাকলে আগামী দুয়েকদিনের মধ্যে দাম আরও কমবে বলেও তিনি জানান। হাটবাজারে মরিচের দাম অর্ধেকে নেমে আসায় ক্রেতা-বিক্রেতা সবাই এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
ভারত থেকে কাঁচামরিচ আমদানীকারক একই বাজারের আনিছুর রহমান বলেন, কাঁচা মরিচের দাম একদিনে অর্ধেকে নেমেছে। পুজার ছুটিতে একটানা ৬ দিন আমদানী বন্ধ থাকায় মরিচের দাম অস্বাভাবিক হারে বেড়েছিল। আজ দাম অর্ধেকে নেমেছে। দুয়েকদিনের মধ্যে দাম আরও কমবে।
তিনি আরও বলেন, ভারত থেকে হিলিবন্দর হয়ে আমার আমদানী করা ৫ ট্রাক কাঁচা মরিচ এসেছে, যা জয়পুরহাটের বিভিন্ন হাটবাজারের চাহিদা মিটিয়েও ৩ ট্রাক ঢাকায় সরবরাহ করেছি। আমার মতো অর্ধ শতাধিক ব্যবসায়ী আমদানী করা মরিচে স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে। ফলে দুয়েকদিনের মধ্যে সারা দেশেই মরিচের দাম অর্ধেকেরও নীচে নেমে যাবে আশা করছি।


প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫ | সময়: ৪:১৯ পূর্বাহ্ণ | সুমন শেখ