বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
মোজাম্মেল হক, লালপুর: নাটোরের লালপুরে আলু নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। মাইকিং করে উপজেলার রাস্তায় রাস্তায় প্রতি ৫০ কেজির এক বস্তা আলু বিক্রি করছেন মাত্র ৪শ থেকে ৪৫০ টাকায়। সে আলু কিনে নিজে খাবার পাশাপাশি গো-খাদ্য হিসেবে ব্যবহার করছেন অনেকে। শুক্রবার সকালে লালপুর উপজেলা মোড়ে গাড়িতে নিয়ে মাইকিং করে আলু বিক্রি করছিলেন ওয়ালিয়া গ্রামের ফজলুর রহমান।
তিনি জানান, বাজারে আলুর দাম কম। সংরক্ষণও করা যাচ্ছে না। নষ্ট হতে শুরু করেছে। তাই বাধ্য হয়েই মাইকিং করে ৪শ থেকে ৪৫০ টাকায় ৫০ কেজির এক বস্তা আলু বিক্রি করতে হচ্ছে। তার পরও ক্রেতা পাওয়া যাচ্ছে না। তিনি জানান, রাজশাহীর নওহাটা থেকে এই আলু সংগ্রহ করা হয়েছিল।
বৈদ্যনাথপুর গ্রামের শহিদুল ইসলাম ওই গাড়ি থেকে এক বস্তা আলু কিনেছেন। তিনি জানালেন, সস্তা আলু নিজে খাওয়ার পাশাপাশি গরুকে খাওয়াবেন।
উপজেলা মোড়ের কাইয়ুম আলী জানান, কয়েক দিন আগে তিনি এই আলু কিনে ছিলেন। অধিকাংশই খাওয়ার অনুপযোগী। গো-খাদ্য হিসেবে ব্যবহার করতে হচ্ছে।