সর্বশেষ সংবাদ :

আ’লীগ নেতা ডাবলু ও রুবেলকে ঢাকায় স্থানান্তর

স্টাফ রির্পোটার: রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থানে দুই শিক্ষার্থী হত্যা মামলায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও যুবলীগ কর্মী অস্ত্রধারী শুটার জহিরুল ইসলাম রুবেলের বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে। গত ২৩ সেপ্টেম্বর ধার্য্য তারিখে তাদেরকে মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। গ্রেফতারের পর ডাবলু সরকারকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে বগুড়া কারাগারে ও রুবেল ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছিল। গত ২২ সেপ্টেম্বর তাদেরকে ঢাকায় পাঠানো হয়। রাজশাহীর সিনিয়র জেল সুপার শাহ আলম খান বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে গত বছর জুলাই আন্দোলনে রাজশাহীতে দুই হত্যার মামলা দুটি ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে। গত ২ সেপ্টেম্বর রাজশাহীতে জুলাই আন্দোলনে নিহত দুই শিক্ষার্থী শিবির নেতা আলী রায়হান ও সাকিব আনজুম হত্যা মামলায় অভিযোগপত্র আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দাখিল করেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ইব্রাহিম খলিল।
রাজশাহীর দুই ছাত্র হত্যার মামলায় ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুবলীগ কর্মী জহিরুল ইসলাম রুবেলসহ মোট ২৪৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।
রাজশাহী মেট্টোপলিটন পুলিশের মুখপাত্র উপ-কমিশনার (ডিসি) গাজিউর রহমান জানিয়েছেন, রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া যেসব মামলাগুলো ছিল; তার মধ্যে ৯টি মামলার অভিযোগপত্র ইতোমধ্যে আদালতে দাখিল করা হয়েছে। এসব মামলার মধ্যে রাজশাহী নগরীতে জুলাই আন্দোলনে নিহত দুই শিক্ষার্থী আলী রায়হান ও সাকিব আনজুম হত্যা মামলার অভিযোগপত্রও রয়েছে।


প্রকাশিত: September 25, 2025 | সময়: 12:35 am | সুমন শেখ

আরও খবর