সর্বশেষ সংবাদ :

ভোজ্যতেলের দাম লিটারে ১০ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা, সরকারের প্রস্তাব ১ টাকা

সানশাইন ডেস্ক: ব্যবসায়ীদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভোজ্যতলের (সয়াবিন ও পাম তেল) দাম বাড়ানোর বিষয়ে বৈঠক করেছ বাণিজ্য মন্ত্রণালয়, ট্যারিফ কমিশন ও ব্যবসায়ীরা। বৈঠকে উপস্থিত সূত্র বলছে, ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলো লিটারে ১০ টাকা বাড়াতে চান। তবে সরকার এক টাকা বাড়ানোর অনুমতি দিয়েছে। বৈঠক শেষ হয়েছে সিদ্ধান্ত ছাড়াই।
আজ সোমবার সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দেশের ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া বৈঠক উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান ও বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের কর্মকর্তারা।
বাণিজ্য সচিব সাংবাদিকদের বলেন, ‘ব্যবসায়ীরা দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে তা আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি। আমরা পর্যালোচনা করছি। তারপর তাদের সঙ্গে আবার আলোচনা করে ভোজ্যতেলের দাম কত বাড়ানো হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে উপস্থিত ছিলেন টিকে গ্রুপের পরিচালক (ব্র্যান্ড) শফিউল আতহার তসলিম। জানতে চাইলে তিনি বলেন, ‘বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে, তবে কত বাড়বে তা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
বৈঠক সূত্রে জানা গেছে, গত সপ্তাহে সয়াবিন ও পাম ওয়েলের দাম লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল পরিশোধনকারী মিলমালিকেরা। তাদের যুক্তি হলো- সম্প্রতি আন্তর্জাতিক বাজারে ১৮-২০ শতাংশের মতো তেলের দাম বেড়েছে; প্রতি টন সয়াবিন তেলের দাম ১২০০ ডলার ছুঁয়েছে। পাম ওয়েলেরও দাম বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে দাম সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।
তবে আজকের বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় মাত্র ১ টাকা দাম বাড়ানোর অনুমোদন দিয়েছে। যদিও ট্যারিফ কমিশনের পর্যবেক্ষণে প্রতি লিটার সয়াবিন তেলের দাম সাড়ে চার টাকা ও পাম তেলের দাম সাত টাকার বাড়ানোর কথা বলা হয়েছে। এর আগে গত ১৩ এপ্রিল সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা এবং পাম তেলের দাম ১৬৯ টাকা নির্ধারণ করে দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। পরে গত ১২ আগস্ট প্রতি লিটার পাম তেলের দাম ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। সয়াবিন তেলের দাম অপরিবর্তিত রাখা হয়।
জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ১৫ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে সয়াবিন, সান ফ্লাওয়ার, পাম ও ভুট্টার তেল আমদানিতে এক শতাংশ উৎসে কর বসিয়েছে. যা ভোজ্যতেলের দামে প্রভাব ফেলছে বলেও জানান ব্যবসায়ীরা।


প্রকাশিত: September 23, 2025 | সময়: 12:23 am | সুমন শেখ

আরও খবর