সর্বশেষ সংবাদ :

ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু, চলতি বছর একদিনে এটাই সর্বোচ্চ

সানশাইন ডেস্ক: ভয়ংকর হতে শুরু করেছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। গতমাসের শেষের দিকে সংক্রমণের যে উচ্চমুখী প্রবণতা ছিল তা চলতি মাসেও অব্যাহত রয়েছে।
গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি মৃত্যু হয়েছে ১২ জনের। চলতি বছর একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃত ১২ জনের মধ্যে ছয়জন নারী, ছয়জন পুরুষ। এর মধ্যে পাঁচজনই বরিশাল বিভাগের বাসিন্দা।
এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে তিনজন, দক্ষিণ সিটিতে দু’জন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে মারা গেছেন একজন করে। এই নিয়ে এ বছর ১৭৯ জনের প্রাণ ঝরল ডেঙ্গুতে। রেকর্ড ছাড়িয়েছে ভর্তি রোগীতেও। ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৭৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বছর একদিনে এটাই সর্বোচ্চ ভর্তি রোগী। এর মধ্যে সর্বোচ্চ ১৬৫ জন বরিশাল বিভাগে। সবচেয়ে কম তিনজন ভর্তি পাওয়া গেছে রাজশাহী বিভাগে। এই নিয়ে চলতি বছর প্রাতিষ্ঠানিক চিকিৎসা নেওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ৪১ হাজার ৮৩১ জনে দাঁড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি
ফিলিপাইনের ব্যাংকের ৮ কোটি ডলার বাজেয়াপ্তের নির্দেশ
সানশাইন ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন (আরসিবিসি) ব্যাংকের ৮১ মিলিয়ন বা ৮ কোটি ১০ লাখ ডলার বাজেয়াপ্ত করতে আদালত নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগ (সিআইডি)।
এই বিষয় নিয়ে রোববার সিআইডি দুপুরে একটি সংবাদ সম্মেলন করে। তারা জানায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে থাকা অর্থ বাজেয়াপ্ত করার লক্ষ্যে বাংলাদেশের একটি আদালত বৃহস্পতিবার আদেশ দেয়। আদেশের অনুলিপি ফিলিপিন্সের ব্যাংকটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলেনে।
তবে আদালত নির্দেশ দিলেও কতদিনের মধ্যে অর্থ ফেরত আসবে বা ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক আদালতের আদেশ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে কিনা, সেসম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারেনি সিআইডির প্রতিনিধি দল। তদন্ত পুরোপুরি শেষ না হওয়ায় এ বিষয়ে বিস্তারিত জানাতে পারছেন না বলেও বলা হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে সিআইডির প্রতিনিধি দল আশা প্রকাশ করে যে সিআরবিসি ব্যাংক তাদের সুখ্যাতি ধরে রাখতে অতিসত্বর এই অর্থ বাংলাদেশে ফেরত পাঠাবে। ২০১৬ সালের ৪ঠা ফেব্রুয়ারি কম্পিউটার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ১ হাজার ৬২৩ ডলার চুরি হয়। নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে সেই টাকা রক্ষিত ছিল।
এর মধ্যে দুই কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কা এবং ৮ কোটি ১০ লক্ষ ডলার চলে যায় ফিলিপিনের জুয়ার আসরে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঐ ঘটনাকে এই মূহুর্তে বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক তহবিল চুরির একটি বলে ধরা হয়। চুরি যাওয়া ডলারের মধ্যে শ্রীলঙ্কা থেকে দুই কোটি ডলার ফেরত পেয়েছে বাংলাদেশ।


প্রকাশিত: September 22, 2025 | সময়: 3:03 am | সুমন শেখ

আরও খবর