, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ব্যবস্থাপনা বিভাগ ২-১ গোলে পরাজিত করেছে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগকে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ব্যবস্থাপনা বিভাগ অর্জন করে এবারের শিরোপা। ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ যহুর আলী, উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন কলেজ অধ্যক্ষ। বক্তব্যে অধ্যক্ষ বলেন, “দুই মাসব্যাপী এই আয়োজনের সফল সমাপ্তি হলো আজ। খেলায় জয়-পরাজয় থাকবেই, তবে সেটি মেনে নিয়ে আগাতে হবে। ভবিষ্যতেও খেলোয়াড়সুলভ মানসিকতা বজায় রাখবে তোমরা।” চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মোঃ শিশির বিজয়ের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “সাপোর্টারদের দোয়া, ভালোবাসা ও সতীর্থদের একতা আমাদের জিতিয়েছে। এই টিমওয়ার্কই আমাদের শক্তি।” খেলা শেষে চ্যাম্পিয়ন ব্যবস্থাপনা বিভাগ ও রানার্সআপ ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়। পরে বিজয়ী দলের আনন্দ র্যালিতে মুখরিত হয় কলেজ প্রাঙ্গণ।