সর্বশেষ সংবাদ :

রাকসু নির্বাচন: হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২ প্রার্থী নির্বাচিত

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মেয়েদের ছয়টি হলে ৩৯ জন ও ছেলেদের একটি হলে ৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া মেয়েদের চারটি হলে একটি করে পদে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ না করায় পদগুলো শূন্য থাকছে।
মন্নুজান হল: ১ জন, বেগম রোকেয়া হল: ৯ জন, তাপসী রাবেয়া হল: ৩ জন, বেগম খালেদা জিয়া হল: ১০ জন, রহমতুন্নেসা হল: ৯ জন, জুলাই-৩৬ হল: ৭ জন, বিজয়-২৪ (ছেলেদের হল): ৩ জন।
নির্বাচিতদের মধ্যে নির্বাহী সদস্য পদে রয়েছেন ১৩ জন এবং কার্যকরী সদস্য পদে রয়েছেন ২৯ জন। অন্যদিকে বেগম খালেদা জিয়া হলে সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে এবং রোকেয়া, জুলাই-৩৬ ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে একটি করে পদ ফাঁকা থাকবে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘যেসব পদে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়নি, সেগুলো শূন্য রেখেই নির্বাচন সম্পন্ন করা হবে।’
প্রতিদ্বন্দ্বিতা আছেন ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৪৮ জন প্রার্থী। এর মধ্যে-ভিপি পদে: ১৮ জন, জিএস পদে: ১৩ জন, এজিএস পদে: ১৬ জন, এ ছাড়া ১৭টি আবাসিক হলে ৫৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ভিপি পদে ৬১ জন, জিএস পদে ৫৮ জন এবং এজিএস পদে ৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়েদের ছয়টি হলে ভিপি পদে ১৬ জন, জিএস পদে ১৬ জন ও এজিএস পদে ১৫ জন প্রার্থী রয়েছেন। তফসিল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে একই দিন ফলাফল ঘোষণা করা হবে।


প্রকাশিত: September 16, 2025 | সময়: 12:24 am | সুমন শেখ