সর্বশেষ সংবাদ :

নতুন কুঁড়ি প্রতিযোগিতা নিয়ে রাজশাহী বিভাগীয় পর্যায়ের সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুঁড়ি প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী বিভাগীয় পর্যায়ের অংশীজন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
সভায় জানানো হয়, নতুন কুঁড়ি প্রতিযোগিতার প্রথম ধাপে সারাদেশে ১৯টি আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাজশাহী বিভাগে দুটি আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত হবে। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি নির্ধারিত হয়েছে রাজশাহী-১ অঞ্চলের ভেন্যু হিসেবে, যেখানে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনা জেলার প্রতিযোগীরা অংশ নেবেন। অন্যদিকে রাজশাহী-২ অঞ্চলের ভেন্যু বগুড়া জেলা শিল্পকলা একাডেমি। এখানে বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট জেলার প্রতিযোগীরা অংশ নেবেন।
আঞ্চলিক বাছাই থেকে নির্বাচিত প্রতিযোগীরা বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত বাছাইয়ে অংশ নেবেন। বিভাগীয় বাছাই অনুষ্ঠিত হবে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে। বিটিভির রাজশাহী উপকেন্দ্র প্রধান সভায় জানান, রাজশাহী-১ অঞ্চলের জন্য ইতোমধ্যে ১৫ শতাধিক এবং রাজশাহী-২ অঞ্চলের জন্য ১২ শতাধিক প্রতিযোগী নিবন্ধন সম্পন্ন করেছেন। দ্রুততম সময়ের মধ্যেই আঞ্চলিক বাছাই কার্যক্রম শুরু হবে।
সভাপতির বক্তব্যে খোন্দকার আজিম আহমেদ প্রতিযোগিতা সফল করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। সভায় রাজশাহী বিভাগের আট জেলার জেলা প্রশাসকের প্রতিনিধি, রাজশাহীতে অবস্থিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থার প্রধান, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের প্রধান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।


প্রকাশিত: September 16, 2025 | সময়: 12:24 am | সুমন শেখ