সর্বশেষ সংবাদ :

সাজা শেষ হবার ৬ বছর পর নিজ দেশে ফিরলেন রামদেব

স্টাফ রির্পোটার, শিবগঞ্জ: অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে আটক ভারতীয় নাগরিক রামদেব মাহাতোকে অবশেষে নিজ দেশে ফিরিয়ে দেওয়া হলো। সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর আইসিপি গেট দিয়ে তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়। এসময় বাংলাদেশ ও ভারতের ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে বিজিবি ও বিএসএফের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাজা শেষ হবার ৬ বছর পর নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়া সে হতভাগ্য ব্যক্তি রামদেব মাহাতো (৬০)। ভারতের বিহার প্রদেশের বাতিয়া জেলার মাজালিয়া থানার গুদারা পঞ্চায়েত এলাকার বাসিন্দা তিনি। তার পিতার নাম তাপা মাহাতো।
তিনি ২০১৮ সালের ৩০ নভেম্বর অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে আটক হন। পরবর্তীতে আদালত তাকে সাজা দেন।
কিন্তু ২০১৯ সালের ২৯ মে সাজা শেষে মুক্তি পাওয়ার কথা থাকলেও সঠিক ঠিকানা না থাকায় দীর্ঘদিন কারাগারেই থাকতে হয় তাকে। দীর্ঘ প্রচেষ্টার পর স্বেচ্ছাসেবী ও গণমাধ্যম কর্মী শামসুল হুদার চেষ্টায় ২০২৪ সালের ২০ নভেম্বর রামদেব মাহাতোর পরিবারকে খুঁজে পাওয়া যায়। দীর্ঘ প্রচেষ্টার পর উভয় দেশের সম্মতিতে আইনী প্রক্রিয়া শেষে সোমবার ভারতীয় কর্তপক্ষের হাতে তুলে দেয়া হয় তাকে।
রামদেব মাহাতো নিজ দেশে ফিরে যাবার আগ মুহুর্তে আনন্দে কেঁদে ফেলেন। এ সময় তিনি স্বেচ্ছাসেবক ও গণমাধ্যম কর্মী শামসুল হুদার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ ব্যাপারে স্বেচ্ছাসেবক ও গণমাধ্যম কর্মী শামসুল হুদা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার জাকির হোসেন তাকে জানান, তার জেলে ১০ জন প্রত্যাবাসন বন্দী সাজা শেষে নিজ দেশে ফেরার অপেক্ষায় রয়েছে। সঠিক ঠিকানা না থাকায় তাদের ফেরানো যাচ্ছেনা। সে তালিকা মোতাবেক তিনি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বিহারের পশ্চিম চাঁমপাড়ান জেলার গুদ্রা গ্রামের খোঁজ পেয়ে গ্রাম পঞ্চায়েত লাল বাচ্চা যাদবের সঙ্গে যোগাযোগ করেণ। পরে রামদেবের ছবি পাঠিয়ে গতবছরের ২০ নভেম্বর পরিবারের খোঁজ পাবার তিন দিন পর ২৩ নভেম্বর তিনি বিষয়টি প্রমাণসাপেক্ষে প্রয়োজনীয় সব তথ্য-উপাত্ত সহ বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে তারা ভারতীয় দূতাবাসকে জানায়।
পরবর্তীতে নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে ভারতীয় দূতাবাস ২০২৪ সালের ১৮ মার্চ রামদেব মাহাতোর ছাড়পত্র বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। এরপর বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হবার প্রায় ৬ বছর পর তাকে দেশে ফেরত পাঠানো হলো।


প্রকাশিত: September 16, 2025 | সময়: 12:17 am | সুমন শেখ