সর্বশেষ সংবাদ :

মান্দায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল

মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর গ্রামে আদালতের নির্দেশ উপেক্ষা করে ব্যক্তি মালিকানাধীন জমি দখলের অভিযোগ উঠেছে খিদির বক্স মণ্ডল ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী রকিবুল রহমান জানান, তার দাদার মৃত্যুর পর চার ছেলে ও দুই মেয়ে বাটোয়ারা দলিল অনুযায়ী সম্পত্তি ভাগ করে নেন। দলিল অনুযায়ী ৫ শতক জমি রাস্তা হিসেবে এজমালি রাখা হয়, যা ব্যবহার করে পরিবারের সদস্যরা বিলে যাতায়াত করতেন। কিন্তু ২০২৩ সালের ৯ জুলাই খিদির বক্স মণ্ডল ও আব্দুল জলিল গং উক্ত রাস্তা দখল করে বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেন।
ঘটনার পর রকিবুল রহমান ওই বছরের ২৪ জুলাই নওগাঁ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে তৎকালীন মান্দা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী সরেজমিনে তদন্ত করেন এবং প্রতিবেদন দাখিল করেন।
তদন্তে রাস্তা উন্মুক্ত রাখার বিষয়টি নিশ্চিত হওয়ায় আদালত বেড়া অপসারণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় মান্দা থানা পুলিশকে নির্দেশ দেন। এরপর পুলিশ রাস্তা থেকে বেড়া সরিয়ে চলাচলের পথ উন্মুক্ত করে।
তবে স্থানীয়দের অভিযোগ, আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও সম্প্রতি আবারও খিদির বক্স মণ্ডল গং রাস্তা দখল করে খুঁটি স্থাপন করেন। এনিয়ে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হলেও অভিযুক্তদের অসহযোগিতায় তা সম্ভব হয়নি।
এ বিষয়ে অভিযুক্ত খিদির বক্স মণ্ডল বলেন, ‘যাতায়াতের রাস্তাটি আমাদের জমির অংশে পড়েছে, তাই খুঁটি মেরে দখল নিয়েছি।’
এদিকে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘বিষয়টি এখনো আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


প্রকাশিত: September 11, 2025 | সময়: 5:35 am | সুমন শেখ