রাজশাহীতে দুর্গাপূজায় থাকবে পুলিশের তিন স্তরের নিরাপত্তা

স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। মঙ্গলবার আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উদযাপনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এ কথা জানান। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার।
তিনি বলেন, ‘রাজশাহী পরিচ্ছন্ন ও শান্তি শহর হিসেবে দেশব্যাপী পরিচিত। সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা বজায় রেখে পূজা উদযাপন নিশ্চিত করতে আরএমপির পক্ষ থেকে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বছর শহরের ১০৩টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নিরাপত্তা ঝুঁকি বিশ্লেষণ করে এসব পূজা মণ্ডপকে সাধারণ, গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ- এই তিন ক্যাটাগরিতে বিভক্ত করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।’
এ সময় গুজব বা কোনো ইস্যুকে কেন্দ্র করে মব সৃষ্টি করে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান তিনি। সভায় রাজশাহী মহানগরের বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি, পূজামণ্ডপের নেতৃবৃন্দ এবং অন্যান্য সদস্যরা অংশ নেন। তাঁরা পূজা উদযাপনকালে বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার পাশাপাশি আইনশৃঙ্খলা সংক্রান্ত নানা প্রস্তাবনা দেন।
মতবিনিময় সভায় উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম, রাজশাহী র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজসহ রাজনৈতিক ব্যক্তি ও পূজা উদযাপন কমিটির সভাপতিরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫ | সময়: ৪:৩৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর