ত্রিদেশীয় সিরিজ থেকে সালমান-আফ্রিদির আয়ের অর্থ বন্যার্তদের জন্য

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা ও পেসার শাহিন শাহ আফ্রিদি। শারজাহতে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজ থেকে আয়ের পুরো অর্থ তারা দান করবেন বন্যার্তদের সহায়তায়।
সামাজিক মাধ্যম ‘এক্স’-এ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সালমান। তিনি অন্যান্য তারকাদেরও বন্যার্তদের পাশে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। “গুরুত্বপূর্ণ হলো দল হিসেবে আমার কেমন প্রতিক্রিয়া দেখাই। আমাদের দেশ এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমি আর শাহিন আফ্রিদি ত্রিদেশীয় সিরিজ থেকে আয় করা অর্থ বন্যার্তদের দান করব। আমি চাই আমাদের অন্যান্য তারকারাও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ক্ষেত্রে অবদান রাখতে এগিয়ে আসুক।”
গত তিন বছরের মধ্যে বন্যায় পাকিস্তান দ্বিতীয়বারের মতো প্লাবিত হওয়ার পর এই ঘোষণা দিলেন দেশটির দুই তারকা ক্রিকেটার। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) দেওয়া তথ্য অনুযায়ী, জুনের শেষ দিক থেকে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৯০০ জনের বেশি, ডুবে গেছে পাঞ্জাবের অন্তত ১ হাজার ৪০০ গ্রাম, আর বাস্তুহারা হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ। শারজাহতে রোববার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানকে ৭৫ রানে হারিয়ে শিরোপা জেতে পাকিস্তান। অলরাউন্ড নৈপুণ্েয এতে বড় ভূমিকা রাখেন মোহাম্মদ নাওয়াজ।


প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫ | সময়: ৪:২৩ পূর্বাহ্ণ | সুমন শেখ