, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারা উপজেলায় হোমিওপ্যাথি ওষুধের আড়ালে প্রাণঘাতী অ্যালকোহল বিক্রির অভিযোগে ৫ হাজার ৫২০ বোতল অ্যালকোহলসহ এক ডিলারকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ভবানীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আস্তানুর রহমান (৫৯)। তিনি বাগমারার ভবানীগঞ্জ স্কুলপাড়ার মৃত এরশাদ আলীর ছেলে। আসামির বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। র্যাব জানায়, তার দোকান ও গুদাম থেকে উদ্ধার করা অ্যালকোহলে শতকরা ৯০ ভাগ অ্যালকোহল ছিল, যা সরাসরি প্রাণঘাতী হিসেবে বিবেচিত।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে ভবানীগঞ্জ বাজারের ‘মারুফ হোমিও হল’ নামে একটি দোকানে হোমিওপ্যাথি ওষুধের আড়ালে অ্যালকোহল বিক্রি হচ্ছে। পরে র্যাবের গোয়েন্দা দল দোকানটি নজরদারিতে রাখে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে দোকান ও গুদামের ভেতর থেকে ৪৬০টি কার্টুনে রাখা ৫ হাজার ৫২০ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আস্তানুর রহমান দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথি ব্যবসার আড়ালে মাদক ব্যবসা চালাচ্ছিলেন। তার ড্রাগ লাইসেন্সের মেয়াদ প্রায় আড়াই বছর আগে শেষ হয়ে গেছে। এরপর থেকে তিনি সুকৌশলে অবৈধভাবে অ্যালকোহল বিক্রি করে আসছিলেন। এই মাদকদ্রব্য বিক্রির ফলে সম্প্রতি রাজশাহীর বিভিন্ন স্থানে অ্যালকোহল সেবনে মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে র্যাব। র্যাবের দাবি, আস্তানুরের বিরুদ্ধে এর আগেও মাদকসহ বিভিন্ন আইনে মোট পাঁচটি মামলা রয়েছে। বিপুল পরিমাণ এই অ্যালকোহল জব্দ হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।