বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত শুল্ক চুক্তি রাইটস টু ইনফরমেশনের (আরটিআই) আওতায় উভয় পক্ষ সম্মত হলেই জনসম্মুখে প্রকাশ করা হবে। আলুর নায্যমূল্য প্রসঙ্গে তিনি বলেন, এ বছর আগের তুলনায় প্রচুর আলু উৎপাদিত হয়েছে। আগামী এক মাসের ভেতর আলুর দাম কিছুটা বাড়তে পারে।
এ ক্ষেত্রে রপ্তানিই একমাত্র উপায়। আমরা আলু রপ্তানীতে প্রণোদণা দিচ্ছি এবং রপ্তানিতে সহযোগিতা করছি। চাহিদা তৈরির চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া টিসিবির মাধ্যমে বাজার থেকেও আলু ক্রয় করা হবে। আলু রপ্তানীর লক্ষ্য অর্জনে সরকার কাজ করছে। প্রতিটি হিমাগারে আলুর বস্তাপ্রতি নির্দিষ্ট দাম নির্ধারণ করা হয়েছে। বাজার ব্যবস্থাপনা, পর্যবেক্ষণ ও মাঠ প্রশাসন এক সঙ্গে কাজ করছে। সব হিমাগারই নির্ধারিত দাম মেনে চলছে। এতে সিন্ডিকেট করার তেমন সুযোগ থাকবে না।
শুক্রবার দুপুরে এক সরকারি সফরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরে আসেন অন্তবর্তীকালীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ সময় স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শুক্রবার দুপুর পৌনে একটায় তাঁকে বহনকারী হেলিকপ্টার উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে। হেলিকপ্টার থেকে নামার পর জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, আক্কেলপুর উপজেলা প্রশাসন ও গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের পক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেখানে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এর পরই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
এরপর তিনি দেড় কিলোমিটার দূরে পার্শ্ববর্তী বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার মর্তুজাপুর গ্রামে গিয়ে জুম্মার নামাজ আদায় করেন এবং তাঁর শ্বশুর মরহুম আব্দুর রাজ্জাক আকন্দের কবর জিয়ারত করেন। এরপর আক্কেলপুরের গোপীনাথপুর হিমাগারে তাঁর আত্মীয়ের আতিথিয়েতা গ্রহণ করে মধ্যাহ্নভোজ শেষে বিকেলে ঢাকার উদ্দেশে রওনা দেন।