বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের উদ্যোগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর সীমান্ত নোঙরে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা জানান, অনধিক ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে রাজধানীতে অবস্থান কর্মসূচি চলছে। ২০১৩ সালে তৎকালীন সরকার সারাদেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিয়েছিল। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিছু বিদ্যালয় বাদ পড়ে বলে অভিযোগ সংগঠনের।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, ২০১৩ সালে দেশে ৩০ হাজারের বেশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও জাতীয়করণের আওতায় আনা হয় ২৬ হাজার ১৯৩টি বিদ্যালয়। প্রায় ৫ হাজার বিদ্যালয় বাদ পড়ে। এ বিদ্যালয়গুলোর শিক্ষকরা ১২ বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন।
বক্তারা বলেন, জাতীয় প্রেসক্লাবের সামনে কয়েক দফা কর্মসূচির পর গত ৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। পরে ২৮ ফেব্রুয়ারি কনসালটেশন কমিটি জাতীয়করণের জন্য সুপারিশ করলেও এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।
শিক্ষক ঐক্য পরিষদের সমন্বয়ক মুসলিম জাহান বলেন, ‘বর্তমান সরকার শিক্ষা-বান্ধব। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধান উপদেষ্টা দ্রুত ব্যবস্থা নেবেন।’ অন্য সমন্বয়ক ওহিদুজ্জামান মিলন বলেন, ‘আমরা অন্যের সন্তানকে শিক্ষিত করছি, অথচ নিজেদের সন্তানদের জন্য ন্যূনতম নিরাপত্তা নেই।’
বক্তারা ২০১৩ সালের ঘোষণার পর রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাদ পড়া বিদ্যালয়গুলো দ্রুত জাতীয়করণের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, আব্দুল মালেক, ইফাজ উদ্দিন, আজমুল হোসেন হারুনী (বুলবুল), ইসমাইল হোসেন, ফরিদুল ইসলাম, অহিদুজ্জামান, সবুজ আলী, নাজিয়া খাতুন, হুমায়ন রেজা, রতন আলীসহ সংগঠনের অন্যান্য নেতারা।