সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে হত্যা মামলায় হাজতি শিক্ষককে বরখাস্ত

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: হত্যা মামলায় হাজতে থাকা জয়পুরহাটের আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহিম স্বাধীন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টার দুটি মামলায় হাজতে থাকায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এ সিদ্ধান্ত নেন।
গত সোমবার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন স্বাক্ষরিত চিঠিতে আব্দুর রহিমকে সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষক আব্দুর রহিম ওরফে স্বাধীন মাষ্টার আক্কেলপুর পুরাতন বাজারের মৃত আছির উদ্দিনের ছেলে। তিনি আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
সাময়িক বরখাস্তের চিঠিতে বলা হয়েছে, আব্দুর রহিম স্বাধীনের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা ও আরেকটি হত্যা চেষ্টার মামলা থাকায় গত ২১ আগস্ট পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন। এ ঘটনায় বিদ্যালয় ম্যানেজিং কমিটি গত ২৬ আগস্ট এক সভায় সিদ্ধান্ত নিয়ে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।
এ ব্যাপারে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন জানান, ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে উর্ধতন সকল দপ্তর এবং সংশ্লিষ্ট সকলকে পত্র প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত: September 4, 2025 | সময়: 3:39 am | সুমন শেখ