সর্বশেষ সংবাদ :

বদলগাছীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

বদলগাছী প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে তরকারির স্বাদ ভালো না হওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের জেরে ঝর্না খাতুন (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের জগদীশপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ঝর্নার শাশুড়ি পিয়ারা বেগম’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ঝর্না খাতুন তার স্বামী আকাশ হোসেন ও পরিবারের অন্য সদস্যদের জন্য তরকারি রান্না করেন। খাবার খাওয়ার সময় তরকারির স্বাদ ভালো না হওয়ায় ক্ষিপ্ত হয়ে আকাশ ঝর্নাকে গালিগালাজ করেন এবং রাতেই বাড়ি ছাড়ার নির্দেশ দেন।
এরপর ভোরে বাবার বাড়ি যাওয়ার প্রস্তুতি নিতে গেলে আবারও তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিমান করে ঝর্না সকাল ছয়টার দিকে ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। দরজা ভেঙে তাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সঙ্গে সঙ্গে স্বামী আকাশ ও শাশুড়ি পিয়ারা বেগম সেখান থেকে পালিয়ে যান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জয়পুরহাট এলাকা থেকে শাশুড়ি পিয়ারা বেগম’কে গ্রেপ্তার করে।
নিহত ঝর্নার মামা জহুরুল ইসলাম অভিযোগ করে বলেন, ভাগনিকে নিয়মিত মারধর করতো আকাশ। অনেকবার চিকিৎসাও করাতে হয়েছে। তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালানো হচ্ছে।
মৃত ঝর্না খাতুনের দুটি চার বছর বয়সী যমজ সন্তান রয়েছে ওহান ও সোহান। তাদের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন পরিবার। বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. আনিছুর রহমান বলেন, এ ঘটনায় আত্মহত্যা প্ররোচনা ৩০৬ ধারায় মামলা হয়েছে। শাশুড়ি পিয়ারা বেগমকে গ্রেফতার করা হয়েছে। স্বামী পলাতক রয়েছে।


প্রকাশিত: August 29, 2025 | সময়: 1:21 am | সুমন শেখ

আরও খবর