, , ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসুর) মনোনয়ন পত্র বিতরণ শুরু হয়েছে। রোববার (২৪ আগস্ট) বেলা ১০টা থেকে মনোনয়ন পত্র বিতরণের কার্যক্রম শুরু হয়। সকাল ১০ টা থেকে শুরু হওয়া এ মনোনয়ন বিতরণ চলে বিকাল ৫টা পর্যন্ত। কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্র দেওয়া হচ্ছে রাকসু কার্যালয়ে এবং হল সংসদের মনোনয়ন পত্র নিজ নিজ হল থেকে নিতে পারবেন প্রার্থীরা।
প্রথম দিনে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রবিবার সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমে রাকসু কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদের জন্য পাঁচজন এবং খালেদা জিয়া হল সংসদের জন্য একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, “মনোনয়নপত্র বিতরণ সুষ্ঠুভাবে শুরু হয়েছে। রাকসুর বিভিন্ন পদে ৫ জন এবং খালেদা জিয়া হল থেকে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।”
বেলা সাড়ে ১২টায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজিবুর রহমানের হাতে প্রথম মনোনয়ন পত্র তুলে দেন রাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমান। তিনি স্বতন্ত্র প্যানেল থেকে এজিএস (যুগ্ম সাধারণ সম্পাদক) প্রার্থী।
এছাড়া রাকসুতে প্রথম নারী প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মোছা. নিশা আক্তার। তিনি স্বতন্ত্র প্যানেল থেকে নারী বিষয়ক সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন।
এদিকে রাকসু, সিনেটে ছাত্র প্রতিনিধি ও হল ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্রের মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে। রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধির মনোনয়নপত্রের মূল্য ৩০০ ও হল ছাত্র সংসদের মনোনয়নপত্রের মূল্য ২০০ টাকা করা হয়েছে। অগ্রণী ব্যাংক, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্পোরেট শাখায় ০২০০০২৪২৮২১৭৭ হিসাবে মনোনয়নপত্রের মূল্য জমা দিতে হবে।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী ২৭-২৮ আগস্ট মনোনয়নপত্র বাছাই, ৩১ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, ১৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ (প্রত্যেক আবাসিক হলে ভোট গ্রহণ) শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হয়।