বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে যুবলীগ কর্মীর ছুরিকাঘাতে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সহ দুজন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের খাকসা ভূগোল মোড়ে এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে আহতরা হলেন, উপজেলা দীঘলকান্দি গ্রামের কলিম উদ্দিনের ছেলে ও বড়াইগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি দুলাল হোসেন (৫৫) ও সাইদুল ইসলামের ছেলে এইচএসসি পরীক্ষার্থী সাগর হোসেন (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খাকসা ভূগোল মোড়ে দ্রুত গতির একটি ট্রাক রাস্তা দিয়ে যাওয়ার সময় কাদা পানি ছিটকে পাশের মুদিখানা দোকানে পড়ে। এ বিষয় নিয়ে তাৎক্ষণিক উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ব্যাপারে দুপুরে খাকসা ভুগোল মোড়ে আপোষ মিটিং বসে। এ সময় মোটর সাইকেলে আকস্মিকভাবেই সেখানে আরো দুজন সঙ্গীসহ যুবলীগ কর্মী দিঘলকান্দি গ্রামের হাবিবুর রহমানের ছেলে মনির হোসেন সেখানে আসে। মনির হোসেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের ঘনিষ্ঠজন হিসেবে এলাকায় পরিচিত। এ সময় সেখানে বাগবিতন্ডার একপর্যায়ে মনির ও তার সঙ্গীরা দুলাল ও সাগরকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্বজনরা দুলাল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সাগরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে কথা বলার জন্য একাধিক বার কল দিলেও মনির হোসেনের মোবাইল বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন জানান, বিষয়টি শুনেছি।এ ঘটনায় তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।